জাতীয়
ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, আক্রান্ত ১,৩৪৯ জন।

নিজেস্ব প্রতিবেদক:

দেশে হামের সংক্রমণ পরিস্থিতি উদ্বেগজনক অবস্থায় রয়েছে। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে ১ হাজার ১৪৭ জনের মৃত্যু হয়েছে।

এর মধ্যে নিশ্চিত হামে ১০৪ জন এবং উপসর্গ নিয়ে ১ হাজার ৪৩ জন মারা গেছেন।

এদিকে, সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে একজন করে মারা গেছেন। একই সময়ে নতুন করে সন্দেহভাজন ও নিশ্চিত সংক্রমণ মিলিয়ে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৪৯ জন।

শুক্রবার (৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত এক দিনে ১ হাজার ২৬৮ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এতে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ২ হাজার ৮৯৩ জনে। পাশাপাশি নতুন করে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৮১ জন। সব মিলিয়ে দেশে নিশ্চিত আক্রান্তের সংখ্যা এখন ২২ হাজার ১৯৭।

সংক্রমণের কারণে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে বিপুলসংখ্যক মানুষকে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব বলছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম সন্দেহে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৮০ হাজার ৭৯ জন। এ সময় চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৭২ হাজার ৭০৫ জন।

মতামত দিন