আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

রিয়াদ বিমানবন্দর ও সৌদি এয়ারলাইনসের উড়োজাহাজে হামলা, নিহত ৩।

নিজেস্ব প্রতিবেদক:

হামলার পর কয়েক ঘণ্টা বন্ধ থাকার পর আবারও ফ্লাইট চলাচল শুরু হয়েছে সৌদি আরবের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে। এর আগে বৃহস্পতিবার বিমানবন্দরের স্থাপনা ও সৌদি এয়ারলাইনসের মাটিতে থাকা একটি উড়োজাহাজে হামলার ঘটনায় তিনজন নিহত এবং বিভিন্ন দেশের নাগরিকসহ বেশ কয়েকজন আহত হন।

শুক্রবার (৯ অক্টোবর) সৌদি কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।

সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত বিবৃতিতে জানায়, বিমানবন্দর ও উড়োজাহাজে পৃথকভাবে হামলা চালানো হয়। এতে হতাহতের পাশাপাশি কিছু স্থাপনা ও সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর; তাদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

হামলার সময় সৌদি এয়ারলাইনসের ক্ষতিগ্রস্ত উড়োজাহাজটি বিমানবন্দরের মাটিতে অবস্থান করছিল। বিমান সংস্থাটি জানিয়েছে, ওই সময় উড়োজাহাজে কোনো যাত্রী ছিলেন না। তবে তাদের একজন কর্মী হামলায় নিহত হয়েছেন। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে প্রতিষ্ঠানটি।

জরুরি সেবাদানকারী দলগুলো হামলার পরপরই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও সহায়তার কাজ শুরু করে। পরিস্থিতি সামাল দেওয়ার পর বিমানবন্দরের কার্যক্রম পুনরায় চালু করা হয়। সৌদি রাষ্ট্রীয় টেলিভিশন আল-ইখবারিয়ার তথ্য অনুযায়ী, স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে সেখানে ফ্লাইট ওঠানামা শুরু হয়।

হামলার পেছনে কারা রয়েছে, সে বিষয়ে সৌদি কর্তৃপক্ষ এখনো কোনো পরিচয় প্রকাশ করেনি। তবে ইয়েমেনে সরকারি বাহিনী ও হুতি বিদ্রোহীদের মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হওয়ার সময়েই সৌদি আরবের গুরুত্বপূর্ণ বিমান স্থাপনায় এই হামলার ঘটনা ঘটল।

সূত্র: আনাদোলু এজেন্সি

মতামত দিন