চার জেলায় ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত।
বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আশঙ্কা থাকায় সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা পূর্বাভাসে এ সতর্কবার্তা দেওয়া হয়। আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার গতিতে অস্থায়ী দমকা কিংবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
শরৎ ঋতুর শেষ পর্যায়েও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির প্রবণতা দেখা যাচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৬৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে পাবনার ঈশ্বরদীতে।
এ সময়ে কুষ্টিয়ার কুমারখালী ও সাতক্ষীরায় ৫৮ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রাজশাহীতে ৪৫ মিলিমিটার, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৪৩ মিলিমিটার, নীলফামারীর রাজারহাট ও মানিকগঞ্জের আরিচায় ২৬ মিলিমিটার করে এবং রংপুরে ২৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
বৃষ্টির এই ধারা আগামী কয়েক দিনও অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির পাঁচ দিনের পূর্বাভাসে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে।

মতামত দিন