জাতীয়
ছবি: সংগৃহীত

গণপরিবহনে শৃঙ্খলা ও সড়ক নিরাপত্তা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী।

নিজেস্ব প্রতিবেদক:

ঢাকার গণপরিবহন ব্যবস্থার শৃঙ্খলা ফেরানো এবং সড়কে নিরাপত্তা বাড়ানোর উপায় নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে রাজধানীর গণপরিবহন ব্যবস্থাপনার বর্তমান পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি সড়ক নিরাপত্তা নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, ঢাকার গণপরিবহনে বিদ্যমান বিশৃঙ্খলা কমানো এবং সড়কে নিরাপদ চলাচল নিশ্চিত করাকে বৈঠকে গুরুত্ব দেওয়া হয়েছে।

বৈঠকে সরকারের বিভিন্ন দপ্তরের শীর্ষ কর্মকর্তারা অংশ নেন। উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।

এ ছাড়া প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ মসিউর রহমান এবং ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

রাজধানীর পরিবহন খাতের ব্যবস্থাপনা ও সড়ক নিরাপত্তা নিয়ে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত পদক্ষেপের প্রয়োজনীয়তার বিষয়টিও বৈঠকে গুরুত্ব পায়।

মতামত দিন