অপরাধ
ছবি: সংগৃহীত

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীর শরীরে মিলল স্বর্ণের ৩ ‘ডিম’।

নিজেস্ব প্রতিবেদক:

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শারজাহফেরত এক যাত্রীর কাছ থেকে ১ কেজি ২৯০ গ্রাম স্বর্ণ জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম। কাস্টমসের হিসাবে জব্দ করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৭৪ লাখ টাকা।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে এয়ার অ্যারাবিয়ার জি৯-৫১৮ ফ্লাইটে শারজাহ থেকে ঢাকায় আসা ওই যাত্রীর কাছ থেকে স্বর্ণগুলো উদ্ধার করা হয়। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক বিজ্ঞপ্তিতে বিকেলে এ তথ্য জানানো হয়েছে।

কাস্টমস সূত্র জানায়, স্বর্ণ চোরাচালানের সম্ভাব্য তথ্যের ভিত্তিতে ফ্লাইটটি আসার পর বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে নজরদারি বাড়ানো হয়। ইমিগ্রেশন শেষ করে ব্যাগেজ বেল্ট-২ এলাকায় এলে আরমান উদ্দিন সিদ্দিক নামের ওই যাত্রীকে সন্দেহজনক মনে করে তল্লাশি করা হয়।

তল্লাশির একপর্যায়ে তার পায়ুপথে বিশেষভাবে লুকিয়ে রাখা সাদা কসটেপে মোড়ানো তিনটি ডিম্বাকৃতির পেস্ট সদৃশ স্বর্ণের টুকরা পাওয়া যায়। প্রতিটি টুকরার ওজন ছিল ৪৩০ গ্রাম করে। তিনটি মিলিয়ে মোট ওজন দাঁড়ায় ১ হাজার ২৯০ গ্রাম।

কাস্টমসের তথ্য অনুযায়ী, জব্দ করা স্বর্ণের বিশুদ্ধতা ২৪ ক্যারেট। স্বর্ণকারের প্রত্যয়ন অনুযায়ী, পেস্ট আকারের এসব স্বর্ণ পরিশোধনের পর প্রায় ১ কেজি খাঁটি স্বর্ণ পাওয়া যেতে পারে।

এ ঘটনায় যাত্রীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম তার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের কার্যক্রম শুরু করেছে বলে এনবিআরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মতামত দিন