মৌসুমি বায়ু বিদায়ের পথে, কয়েক দিন বৃষ্টির পূর্বাভাস।
মৌসুমি বায়ুর প্রভাব কমে দেশের আবহাওয়ায় পরিবর্তন এলেও বৃষ্টি এখনই পুরোপুরি বিদায় নিচ্ছে না। আগামী কয়েক দিন দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ইতোমধ্যে দেশের পশ্চিমাঞ্চল থেকে সরে গেছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অবশিষ্ট অঞ্চল থেকেও এর বিদায় সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) সকাল পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের বেশ কিছু এলাকায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গাতেও অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। পাশাপাশি দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমার পূর্বাভাস দেওয়া হয়েছে।
শনিবারও দেশের উত্তর ও মধ্যাঞ্চলের কয়েকটি এলাকায় বৃষ্টির প্রবণতা থাকবে। রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু এলাকায় বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। ঢাকাসহ খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায়ও বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেদিন তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
রোববার থেকে বৃষ্টির পরিমাণ আরও কমে আসতে পারে। চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হলেও দেশের অধিকাংশ এলাকায় আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।
সোমবার বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। অন্য এলাকায় আবহাওয়া মূলত শুষ্ক থাকতে পারে এবং তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।
আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক বৃহস্পতিবার (৮ অক্টোবর) দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানান। তিনি আরও জানান, আগামী পাঁচ দিনের মধ্যে মধ্য বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।
মতামত দিন