সৌদির দুই আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা নিহত ৩, আহত ৩৬।
সৌদি আরবের রাজধানী রিয়াদ ও আবহায় অবস্থিত দুটি আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনায় তিনজন নিহত ও অন্তত ৩৬ জন আহত হয়েছেন। মঙ্গলবার ও বুধবার আবহা আন্তর্জাতিক বিমানবন্দর এবং কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথকভাবে এসব হামলার ঘটনা ঘটে।
আবহা বিমানবন্দরে হামলায় নিহত হয়েছেন দুই নারী। সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের একজন মরক্কোর এবং অন্যজন আলজেরিয়ার নাগরিক। ওই ঘটনায় ২৮ জন আহত হন। আহতদের মধ্যে সৌদি নাগরিকের পাশাপাশি বাংলাদেশি ও ফিলিপিনো নাগরিকও রয়েছেন। তাদের কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানানো হয়েছে।
রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় প্রাণ হারিয়েছেন এক সুদানি নাগরিক। সেখানে আহত হয়েছেন আরও আটজন। আহতদের মধ্যে পাঁচজন সৌদি, দুজন মিসরীয় এবং একজন পাকিস্তানি নাগরিক রয়েছেন।
হামলার পর দুটি বিমানবন্দরেই বিভিন্ন স্থাপনা ও অবকাঠামোর ক্ষতির কথা জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। তবে এসব হামলার পেছনে কারা রয়েছে, সে বিষয়ে এখনো কোনো পক্ষকে দায়ী করেনি তারা।
ইয়েমেনে হুতি বাহিনী এবং সৌদি-সমর্থিত সরকারি জোটের মধ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার সময়েই সৌদির গুরুত্বপূর্ণ দুটি বিমানবন্দরে এই হামলার ঘটনা ঘটল।

মতামত দিন