সুনামগঞ্জের তাহিরপুরে দুই গ্রামের লোকজনের সংঘর্ষ, আহত ৬।
সুনামগঞ্জের তাহিরপুরে কয়েক দিনের বিরোধ শেষ পর্যন্ত রূপ নিয়েছে সংঘর্ষে। বুধবার দুপুরে শনির হাওরের পাড়ে বীরনগর ও ময়মনসিংহা হাটির লোকজন দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি হলে উভয়পক্ষের অন্তত ছয়জন গুরুতর আহত হন।
স্থানীয়দের ভাষ্য, ঘটনার সূত্রপাত ক্রিকেট খেলাকে কেন্দ্র করে। কয়েক দিন আগে সদর ইউনিয়নের বীরনগর, জয়নগর, লক্ষ্মীপুর ও ধুতমা গ্রামের লোকজনের সঙ্গে মধ্য তাহিরপুরের ময়মনসিংহা হাটির বাসিন্দাদের বিরোধ দেখা দেয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতিও হয়।
পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে মঙ্গলবার রাতে। স্থানীয়দের দাবি, বীরনগর গ্রামের মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পরদিন শনির হাওরের পাড়ে লোকজনকে জড়ো হতে বলা হয়। এর পরদিন দুপুরে সেখানে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।
সংঘর্ষে আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এর আগে উত্তেজনা ঠেকাতে সংশ্লিষ্ট গ্রামগুলোতে রাতভর পুলিশ মোতায়েন রাখা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত সংঘর্ষ এড়ানো সম্ভব হয়নি।
সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) রাকিবুল হাসান রাসেল বলেন, পুলিশ সারারাত এলাকায় অবস্থান করেছে এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেছে। এরপরও দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
মতামত দিন