জাতীয়
ছবি: সংগৃহীত

আবার চালু যমুনা সার কারখানা, দৈনিক উৎপাদনের লক্ষ্য ১৪শ টন।

নিজেস্ব প্রতিবেদক:

দীর্ঘ বিরতির পর জামালপুরের সরিষাবাড়ীর যমুনা সার কারখানায় ফিরেছে ইউরিয়া উৎপাদন। গ্যাস সরবরাহ বন্ধ থাকায় প্রায় আট মাস উৎপাদন বন্ধ থাকার পর সোমবার দিবাগত রাত ৩টা ১০ মিনিটে কারখানাটিতে ফের উৎপাদন শুরু হয়।

কারখানার উৎপাদন বিভাগ জানায়, গ্যাস পাওয়ার পর ধাপে ধাপে বিভিন্ন ইউনিট সচল করা হয়। বর্তমানে কারখানার উৎপাদন ব্যবস্থা স্বাভাবিক রয়েছে। প্রাথমিকভাবে প্রতিদিন ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৪০০ মেট্রিক টন ইউরিয়া উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।

যমুনা সার কারখানার অ্যামোনিয়া অ্যান্ড ইউটিলিটি বিভাগের প্রধান মো. ফজলুল হক বলেন, দীর্ঘ সময় পর কারখানাটি আবার উৎপাদনে ফিরেছে। এখন পর্যন্ত সব ইউনিট সচল রয়েছে। নিরবচ্ছিন্নভাবে উৎপাদন চালানো গেলে প্রতিদিন ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৪০০ মেট্রিক টন সার উৎপাদন করা সম্ভব হবে।

কারখানা সূত্র বলছে, চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি গ্যাস সরবরাহ বন্ধ হওয়ার পর থেকেই ইউরিয়া উৎপাদন থেমে যায়। দীর্ঘ সময় পর গত ১৯ সেপ্টেম্বর রাতে কারখানায় আবার গ্যাস সরবরাহ দেওয়া হয়। এরপর প্রয়োজনীয় প্রস্তুতি ও যন্ত্রপাতি চালুর প্রক্রিয়া শেষে উৎপাদনে যায় প্রতিষ্ঠানটি।

১৯৯১ সালে উৎপাদনে আসা যমুনা সার কারখানায় বছরে বড় পরিমাণে ইউরিয়া সরবরাহের সক্ষমতা রয়েছে। এর দৈনিক উৎপাদন ক্ষমতা প্রায় ১ হাজার ৭০০ মেট্রিক টন দানাদার ইউরিয়া।

কারখানাটির উৎপাদন স্বাভাবিক হওয়ায় উত্তর ও মধ্যাঞ্চলের কৃষি সরবরাহ ব্যবস্থায়ও এর প্রভাব পড়বে। জামালপুর, শেরপুর, ময়মনসিংহ ও টাঙ্গাইলসহ মোট ২১টি জেলায় যমুনা সার কারখানার উৎপাদিত ইউরিয়া সরবরাহ করা হয়ে থাকে।

মতামত দিন