জাতীয়
ছবি: সংগৃহীত

ঢাকার চাপ কমাতে সেকেন্ডারি টাউনশিপ গড়ার উদ্যোগ: প্রধানমন্ত্রী

নিজেস্ব প্রতিবেদক:

রাজধানীকে ঘিরে জনসংখ্যার বাড়তি চাপ সামলাতে ঢাকার আশপাশে নতুন একটি সেকেন্ডারি টাউনশিপ গড়ে তোলার উদ্যোগের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলকে উন্নয়নের মূলধারায় এনে শহরমুখী মানুষের প্রবণতা কমাতে যোগাযোগব্যবস্থা ও নাগরিক সুবিধা সম্প্রসারণের ওপর জোর দেওয়ার কথা বলেছেন তিনি।

সোমবার (৫ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব বসতি দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, শুধু শহরে আবাসনের ব্যবস্থা করলেই সমস্যার সমাধান হবে না। নিরাপদ, মানসম্মত ও মানুষের নাগালের মধ্যে থাকা বাসস্থানের পাশাপাশি পরিকল্পিত নগর গড়ে তোলার বিষয়টিও সমান গুরুত্বের। এ লক্ষ্যেই সরকার সর্বজনীন বাসস্থান ও টেকসই নগরায়ণের দিকে এগোচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মতো জনবহুল একটি দেশে প্রত্যেক নাগরিকের জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করা উন্নত দেশগুলোর তুলনায় অনেক বেশি কঠিন। তারপরও এ লক্ষ্য বাস্তবায়নে সরকার কাজ করছে। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য বজায় রেখে নগর উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

শহরাঞ্চলে মানুষের ক্রমবর্ধমান চাপের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ঢাকা ও দেশের অন্যান্য নগরের সঙ্গে যোগাযোগ আরও দ্রুত, নিরাপদ ও ব্যয়সাশ্রয়ী করা প্রয়োজন। পাশাপাশি গ্রামাঞ্চলেও নাগরিক সুযোগ-সুবিধা বাড়ানো হলে কর্মসংস্থান ও জীবনযাপনের জন্য মানুষের শহরে ছুটে আসার প্রবণতা কমানো সম্ভব হবে।

দেশের প্রত্যন্ত ও আঞ্চলিক এলাকাগুলোকে জাতীয় উন্নয়নের সঙ্গে যুক্ত করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন সরকারপ্রধান। তাঁর মতে, রাজধানীকেন্দ্রিক উন্নয়ন কাঠামোর বিকল্প তৈরি করতে দেশের অন্যান্য অঞ্চলকে পরিকল্পিতভাবে এগিয়ে নেওয়া জরুরি।

এবারের বিশ্ব বসতি দিবসের প্রতিপাদ্য ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’। দিবসটি উপলক্ষে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে একটি স্বর্ণচাঁপা গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন, প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতামত দিন