জাতীয়
ছবি: সংগৃহীত

ঢাকার যানজট কমাতে ইনার রিং রোডের কাজ দ্রুত শেষের নির্দেশ প্রধানমন্ত্রীর।

নিজেস্ব প্রতিবেদক:

ঢাকার যানজট নিরসনে প্রস্তাবিত অভ্যন্তরীণ বৃত্তাকার সড়ক নির্মাণ প্রকল্পে দৃশ্যমান অগ্রগতি চান প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রকল্প বাস্তবায়নের পথে যেসব জটিলতা রয়েছে, সেগুলো দ্রুত চিহ্নিত করে সমাধানের পাশাপাশি কাজের গতি বাড়ানোর নির্দেশ দিয়েছেন তিনি।

রোববার (৪ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইনার সার্কুলার রিং রোডের অগ্রগতি পর্যালোচনায় অনুষ্ঠিত সভায় এসব নির্দেশনা দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী।

প্রকল্পটি দ্রুত এগিয়ে নিতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগকে যৌথভাবে কাজ করার কথা বলা হয়েছে। বিদ্যমান পরিকল্পনা নতুন করে পর্যালোচনা করে কোথায় কী ধরনের প্রতিবন্ধকতা রয়েছে, তা নির্ধারণের নির্দেশও দেওয়া হয়।

প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের ঘাটতি থাকলে তা দূর করার ওপর গুরুত্ব দেন। পাশাপাশি পুরো প্রকল্প শেষ করার জন্য বাস্তবসম্মত সময়সীমা নির্ধারণ এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজের অগ্রগতি দৃশ্যমান করার নির্দেশ দেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু সভার সিদ্ধান্ত ও নির্দেশনার বিষয়টি জানান।

সভায় সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সভায় অংশ নেন।

মতামত দিন