মক্কায় আতঙ্ক সৃষ্টির অভিযোগে আটক ১।
মক্কায় পথচারীদের সঙ্গে অসদাচরণ এবং জনমনে আতঙ্ক তৈরির অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে সৌদি আরবের নিরাপত্তা বাহিনী। তবে ঘটনাটিকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া আত্মঘাতী হামলার খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
সৌদি পাবলিক সিকিউরিটির দেওয়া তথ্য অনুযায়ী, মক্কার নিরাপত্তা কর্তৃপক্ষ ওই ব্যক্তিকে শনাক্ত করে ঘটনাস্থলেই আটক করে। জনসাধারণকে হয়রানি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে তাকে পরবর্তী আইনি পদক্ষেপের জন্য পাবলিক প্রসিকিউশনের কাছে হস্তান্তর করা হয়।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোস্ট ও ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে। সেসব পোস্টে দাবি করা হয়, মসজিদুল হারামে এক ব্যক্তি আত্মঘাতী বোমা হামলার চেষ্টা করেছেন। বিষয়টি নিয়ে বিভ্রান্তি তৈরি হলে সৌদি নিরাপত্তা কর্তৃপক্ষ জানায়, এমন কোনো হামলার ঘটনা ঘটেনি।
কর্তৃপক্ষের পক্ষ থেকে আরও বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্য যাচাই না করে বিশ্বাস না করতে এবং এ ধরনের সংবেদনশীল ঘটনায় সরকারি ও নির্ভরযোগ্য উৎসের তথ্য অনুসরণ করতে হবে।
এদিকে সৌদি সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে, আত্মঘাতী হামলার দাবির সঙ্গে যে ভিডিওটি ব্যবহার করা হয়েছে, সেটিও বর্তমান ঘটনার নয়। ভিডিওটির সঙ্গে ২০১৭ সালের একটি পুরোনো ঘটনার যোগসূত্র রয়েছে বলে জানানো হয়েছে।
অর্থাৎ মক্কায় সাম্প্রতিক ঘটনায় কোনো আত্মঘাতী হামলা হয়নি। বরং পথচারীদের হয়রানি ও তাদের মধ্যে ভয় সৃষ্টি করার অভিযোগে একজনকে আটক করে আইনগত প্রক্রিয়ায় পাঠানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো পুরোনো ভিডিও ও বিভ্রান্তিকর দাবিই ঘটনাটিকে ঘিরে নতুন করে আতঙ্ক তৈরি করেছে।
মতামত দিন