আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

মসজিদে নববির বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা, সৌদি জোটের দাবি নাকচ হুতিদের।

নিজেস্ব প্রতিবেদক:

মদিনায় পবিত্র মসজিদে নববির বিদ্যুৎ সরবরাহকেন্দ্রে হামলার অভিযোগকে ঘিরে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট ও ইয়েমেনের হুতিদের মধ্যে নতুন করে পাল্টাপাল্টি বক্তব্য দেখা দিয়েছে। সৌদি জোটের দাবি, ইরান-সমর্থিত হুতিরাই মঙ্গলবার ওই স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে।

তবে অভিযোগটি সরাসরি অস্বীকার করেছে হুতিদের সামরিক বাহিনী।

সৌদি জোটের ভাষ্য, হামলায় বিদ্যুৎকেন্দ্রটির একটি ট্রান্সফরমার অচল হয়ে যায়। তবে এতে মদিনার বিদ্যুৎ সরবরাহব্যবস্থায় কোনো বড় ধরনের বিঘ্ন ঘটেনি। ড্রোনের ধ্বংসাবশেষ পরীক্ষা ও তদন্তের পর হামলার সঙ্গে হুতিদের সংশ্লিষ্টতার বিষয়ে তারা নিশ্চিত হয়েছে বলেও দাবি করেছে জোটটি।

হুতিদের সামরিক বাহিনীর একটি সূত্র সৌদি জোটের এ বক্তব্যকে মিথ্যা বলে আখ্যা দিয়েছে। সাবা নিউজ এজেন্সিকে দেওয়া বক্তব্যে সূত্রটি দাবি করে, এর আগে মক্কায় হামলার চেষ্টা নিয়ে হুতিদের বিরুদ্ধে অভিযোগ তুলেছিল সৌদি জোট। সেই অভিযোগের পক্ষে প্রমাণ দিতে না পারায় এবার মদিনার বিদ্যুৎকেন্দ্রে হামলার নতুন দাবি সামনে আনা হয়েছে।

এর আগে প্রায় দুই সপ্তাহ আগে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছিল, মক্কার দক্ষিণে একটি হুতি ড্রোন ধ্বংস করা হয়েছে। তাদের দাবি ছিল, ড্রোনটি মক্কার আকাশসীমায় ঢোকার আগেই সেটি ভূপাতিত করা হয়। ২০১৭ সালের পর মক্কাকে লক্ষ্য করে এটি হুতিদের দ্বিতীয় হামলার চেষ্টা ছিল বলেও তখন দাবি করেছিল সৌদি জোট। তবে হুতিরা মক্কা কিংবা অন্য কোনো ইসলামি পবিত্র স্থানে হামলার চেষ্টা করার অভিযোগও প্রত্যাখ্যান করে।

মদিনার সর্বশেষ ঘটনার বিষয়ে সৌদি জোটের অভিযোগ, মসজিদে নববি ও মসজিদুল হারামকে ঘিরে হুতিরা একাধিকবার হামলার চেষ্টা করেছে। মুসলিমদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করাই এসব কর্মকাণ্ডের উদ্দেশ্য বলে দাবি করেছে তারা। একই সঙ্গে পবিত্র স্থান ও মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা অব্যাহত রাখার কথা জানিয়েছে সৌদি জোট।

এদিকে ইয়েমেনের রাজধানী সানা ও অন্যান্য এলাকায় সৌদি নেতৃত্বাধীন জোট হামলা চালিয়েছে বলে দাবি করেছে হুতিরা। তবে সৌদি আরব তাৎক্ষণিকভাবে এসব হামলার তথ্য নিশ্চিত করেনি। ইয়েমেন সরকারের সশস্ত্র বাহিনীর এক মুখপাত্র অবশ্য জানিয়েছেন, সানায় জোট ‘গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে’ হামলা চালিয়েছে। এর বেশি বিস্তারিত তিনি জানাননি।

সংঘাতের পাল্টা পরিস্থিতিতে সৌদি জোট আরও জানিয়েছে, হুতিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দক্ষিণ সৌদির খামিস মুশাইতের দিকে যাওয়ার সময় শনাক্ত করে ধ্বংস করা হয়েছে। এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি।

এর মধ্যে স্থানীয় কর্মকর্তাদের বরাতে শুক্রবার ভোরে আরও একটি হামলার খবর পাওয়া গেছে। তাদের দাবি, এডেনে সৌদি বাহিনীর কমান্ড সদর দপ্তর লক্ষ্য করে হুতিরা কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়েছে। তবে এ ঘটনার বিষয়ে সৌদি জোট কিংবা হুতিদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মতামত দিন