নিষিদ্ধ সংগঠনের ১৭ সদস্যসহ ঢাকায় গ্রেপ্তার ৪২৮
রাজধানীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ডিএমপির বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১৭ জন সদস্য রয়েছেন।
ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ জানায়, শুক্রবার (২ অক্টোবর) রাজধানীর বিভিন্ন থানা ও অপরাধ বিভাগে একযোগে অভিযান চালানো হয়। অভিযানে বিপুল পরিমাণ মাদক ও বিভিন্ন ধরনের আলামত উদ্ধার করা হয়েছে।
উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে ৩৮৬ পিস ইয়াবা, ৭ কেজি ৯৬০ গ্রাম গাঁজা, দুটি ধারালো সুইচ গিয়ার চাকু, অপরাধে ব্যবহৃত দুটি মোটরসাইকেল, পাঁচটি মোবাইল ফোন, একটি ল্যাপটপ ও একটি এসএসডি কার্ড।
অভিযানে সবচেয়ে বেশি গ্রেপ্তার হয়েছে ডিএমপির মিরপুর বিভাগে। এই বিভাগ থেকে ১১৮ জনকে গ্রেপ্তার করা হয়। তেজগাঁও বিভাগে ৬২, ওয়ারীতে ৪৬, রমনায় ৪২, লালবাগে ৪১, মতিঝিলে ৩৯, উত্তরা বিভাগে ৩৮ এবং গুলশান বিভাগে ৩৬ জন গ্রেপ্তার হন।
এ ছাড়া গোয়েন্দা বিভাগ (ডিবি) পাঁচজন এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট একজনকে গ্রেপ্তার করেছে।
ডিএমপি জানিয়েছে, রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণ এবং স্বাভাবিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মতামত দিন