চার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, দুর্বল হয়েছে লঘুচাপ।
বঙ্গোপসাগরসংলগ্ন এলাকায় সৃষ্ট আবহাওয়াগত পরিবর্তনের প্রভাব পুরোপুরি কাটেনি। এর মধ্যেই দেশের চার বিভাগে আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কয়েকটি এলাকায় বৃষ্টি হতে পারে। ময়মনসিংহ ও বরিশাল বিভাগের দু-এক জায়গাতেও অস্থায়ী দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দেশের বাকি অঞ্চলে আবহাওয়া মূলত শুষ্ক থাকতে পারে। তবে কোথাও কোথাও আকাশ সাময়িকভাবে আংশিক মেঘলা হওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে আবহাওয়ার সিনপটিক অবস্থায়ও পরিবর্তন এসেছে। উত্তর মিয়ানমার, দক্ষিণ-পূর্ব বাংলাদেশ ও আশপাশের এলাকায় থাকা সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে সাধারণ লঘুচাপে রূপ নিয়েছে। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে এটি উত্তর মিয়ানমার ও সংলগ্ন এলাকায় অবস্থান করছিল।
তাপমাত্রার পূর্বাভাসে অধিদপ্তর জানিয়েছে, ২৪ ঘণ্টায় দেশের দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। তবে রাতের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।
মতামত দিন