ইরানে মহাসড়কে বাস উল্টে নিহত ১১, আহত ২৪।
মধ্য ইরানের একটি মহাসড়কে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় ১১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ২৪ জন।
মার্কাজি প্রদেশের সাভেহ-হামেদান মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। প্রাদেশিক ট্রাফিক পুলিশের ভাষ্য, দীর্ঘ সময় গাড়ি চালানোর পর চালক অতিরিক্ত ক্লান্ত ও তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছিলেন। একপর্যায়ে তার নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কে উল্টে যায়।
দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তবে বাসটি কোন স্থান থেকে যাত্রা শুরু করে কোথায় যাচ্ছিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য দেয়নি কর্তৃপক্ষ।
সড়ক নিরাপত্তা নিয়ে দীর্ঘদিন ধরেই ইরানে উদ্বেগ রয়েছে। দেশটিতে প্রতিবছর সড়ক দুর্ঘটনায় ১৭ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়। বিশেষজ্ঞরা এর পেছনে অনিরাপদ যানবাহন, ট্রাফিক আইন অমান্যের প্রবণতা এবং দুর্ঘটনার পর পর্যাপ্ত জরুরি সেবা না পাওয়াকে গুরুত্বপূর্ণ কারণ হিসেবে উল্লেখ করেন।
চলতি মাসের শুরুতেও দেশটির পশ্চিমাঞ্চলে বড় ধরনের সড়ক দুর্ঘটনা ঘটে। সানানদাজের কাছে একটি জ্বালানি ট্যাংকার কয়েকটি গাড়িকে ধাক্কা দেওয়ার পর বিস্ফোরিত হলে ১১ জন নিহত এবং সাতজন আহত হন।
সূত্র: এবিসি নিউজ

মতামত দিন