খুলনা বিভাগে একদিনে ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি আরও ২৭৬।
খুলনা বিভাগে ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। একদিনে নতুন করে ২৭৬ জন রোগী হাসপাতালে ভর্তি হওয়ার পাশাপাশি একই সময়ে পাঁচজনের মৃত্যু হয়েছে।
শনিবার বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেন এ তথ্য নিশ্চিত করেন। স্বাস্থ্য দপ্তরের হিসাবে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচজনের চারজন খুলনা জেলার বিভিন্ন হাসপাতালে এবং একজন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
নতুন রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ভর্তি হয়েছেন খুলনা জেলার হাসপাতালগুলোতে। সেখানে ১৫৪ জনের পাশাপাশি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আরও ৭২ জন চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন। বিভাগের অন্যান্য জেলার মধ্যে সাতক্ষীরায় ১৭ জন, নড়াইলে ১২ জন, বাগেরহাটে ১১ জন, কুষ্টিয়ায় চারজন, মেহেরপুরে চারজন এবং চুয়াডাঙ্গায় দুজন নতুন রোগী ভর্তি হয়েছেন।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর জানিয়েছে, একদিনে ভর্তি হওয়া ২৭৬ রোগীর মধ্যে ১৮৮ জন সরকারি হাসপাতালে এবং ৮৮ জন বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে গেছেন। বর্তমানে সরকারি-বেসরকারি মিলিয়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ১৪১ জন।
চলতি বছরের শুরু থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত খুলনা বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১২ হাজার ৩০২ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ হাজার ৮১৮ জন।
এদিকে নগরে সংক্রমণ ঠেকাতে একাধিক কর্মসূচি চালানোর কথা জানিয়েছে খুলনা সিটি করপোরেশন (কেসিসি)। প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, মশার লার্ভা ধ্বংস ও উড়ন্ত মশা নিয়ন্ত্রণের পাশাপাশি জ্বরে আক্রান্তদের প্রাথমিক চিকিৎসার জন্য বিনামূল্যে মেডিকেল ক্যাম্প চালু করা হয়েছে। পরিচ্ছন্নতা কার্যক্রমে বাড়ানো হয়েছে জনবল এবং প্রয়োজন অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতও পরিচালনা করা হচ্ছে।
তিনি জানান, কেসিসির কর্মকর্তা-কর্মচারীদের এক দিনের বেতনের সমপরিমাণ অর্থ দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে অতিরিক্ত শয্যার ব্যবস্থাও করা হয়েছে। নগরীর বিভিন্ন সংগঠন এসব কার্যক্রমে যুক্ত হলে ডেঙ্গু নিয়ন্ত্রণের উদ্যোগ আরও কার্যকর হবে বলে মনে করেন তিনি।
মতামত দিন