বিনোদন
ছবি: সংগৃহীত

অর্থাভাবে চিকিৎসা থমকে যাওয়ার পথে, রিফাত চৌধুরীর পাশে জায়েদ খান।

নিজেস্ব প্রতিবেদক:

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন কবি ও অভিনেতা রিফাত চৌধুরীর চিকিৎসায় আর্থিক সহায়তা দিয়েছেন চিত্রনায়ক জায়েদ খান। বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত এই অভিনেতা বৃহস্পতিবার রিফাত চৌধুরীর জন্য সহযোগিতার হাত বাড়ান।

জায়েদ খান নিজেই বিষয়টি ঢাকা মেইলকে নিশ্চিত করেছেন। এক খুদে বার্তায় তিনি বলেন, শিল্পীর বিপদে আরেক শিল্পীর পাশে দাঁড়ানো স্বাভাবিক দায়িত্ব। সেই জায়গা থেকেই নিজের সামর্থ্য অনুযায়ী রিফাত চৌধুরীকে সহযোগিতা করেছেন তিনি। একই সঙ্গে অন্যদেরও এই গুণী কবি ও অভিনেতার পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন জায়েদ খান। রিফাত চৌধুরীর দ্রুত সুস্থতার জন্যও শুভকামনা জানান তিনি।

শারীরিক অসুস্থতার পাশাপাশি অর্থসংকটও রিফাত চৌধুরীর চিকিৎসার পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল। পা ও কোমরের সমস্যায় ভুগছেন তিনি। এ কারণে স্বাভাবিকভাবে চলাফেরাও করতে পারছেন না।

গত ১৪ সেপ্টেম্বর চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন এই অভিনেতা। হাসপাতালে ভর্তি হওয়ার পর শুরুর দিকে মেঝেতেই থাকতে হয়েছিল তাকে। পরে একটি বেডের ব্যবস্থা হয়। তার চিকিৎসা ও দুরবস্থার বিষয়টি সংবাদমাধ্যমে প্রকাশ পাওয়ার পর হাসপাতালের একটি কেবিনে স্থানান্তর করা হয় তাকে। বর্তমানে সেখানেই চিকিৎসা চলছে।

রিফাত চৌধুরীর সংকটের খবর ছড়িয়ে পড়ার পর এরই মধ্যে সহায়তার উদ্যোগ নিয়েছে অভিনয় শিল্পী সংঘ। সংগঠনটির পক্ষ থেকেও তাকে আর্থিক সহযোগিতা করা হয়েছে।

এদিকে অভিনেতা চঞ্চল চৌধুরী সামাজিক যোগাযোগমাধ্যমে রিফাত চৌধুরীর চিকিৎসায় সহযোগিতার জন্য মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন। তার সেই আহ্বানের পর এবার আর্থিক সহায়তা নিয়ে পাশে দাঁড়ালেন জায়েদ খান।

শিল্পী মহলের একাধিক ব্যক্তি ও সংগঠনের সহযোগিতায় বর্তমানে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন রিফাত চৌধুরী। তবে তার শারীরিক অবস্থার উন্নতির জন্য চিকিৎসা অব্যাহত রাখা প্রয়োজন।

মতামত দিন