ব্যবসায়-বাণিজ্য
ছবি: সংগৃহীত

১০৩ অনাপত্তি সনদ বাতিল, ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ।

নিজেস্ব প্রতিবেদক:

ভারত থেকে ইলিশ আনার প্রক্রিয়া থেমে গেছে। মৎস্য অধিদপ্তরের দেওয়া ১০৩টি অনাপত্তি সনদ বাতিলের পরই আমদানি কার্যক্রম বন্ধ হয়ে যায়।

এতে নতুন করে ইলিশ আনতে না পারার পাশাপাশি আগে থেকেই মাছ কেনা আমদানিকারকেরাও আর্থিক ক্ষতির আশঙ্কায় পড়েছেন।

মৎস্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মো. খালেদ কনকের স্বাক্ষর করা চিঠিতে গত ২২ সেপ্টেম্বর এসব অনাপত্তি সনদ বাতিলের সিদ্ধান্ত জানানো হয়। এরপর থেকেই ভারত থেকে ইলিশ আমদানির কার্যক্রম কার্যত বন্ধ রয়েছে।

আমদানি-রপ্তানিকারক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া বলেন, মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে পাঠানো চিঠিতে বেশ কয়েকটি অনাপত্তি সনদ বাতিলের বিষয়টি জানানো হয়েছে। এর ফলে ইলিশ আমদানির কার্যক্রম বন্ধ হয়ে গেছে।

হঠাৎ সিদ্ধান্ত কার্যকর হওয়ায় ব্যবসায়ীদের মধ্যে তৈরি হয়েছে উদ্বেগ। আমদানিকারক সৈয়েদ মহিদুল হক রুবাইয়ের ভাষ্য, ভারতীয় অংশে কেনা ইলিশ আমদানির উদ্দেশ্যে আগে থেকেই রাখা হয়েছিল। এখন সেগুলো কম দামে ফেরত দিতে হতে পারে।

তার দাবি, মাছ কম দামে ফেরত দেওয়ার সম্ভাব্য ক্ষতির পাশাপাশি এতদিনের আমদানি প্রক্রিয়ায় ব্যয় হওয়া অর্থও লোকসানে পড়বে। ফলে অনাপত্তি সনদ বাতিলের সিদ্ধান্তে আমদানিকারকদের বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে।

মতামত দিন