খেলা-ধুলা
ছবি: সংগৃহীত

হামজা যোগ দেওয়ায় পূর্ণ হলো বাংলাদেশের আসিয়ান কাপ দল।

নিজেস্ব প্রতিবেদক:

জাকার্তায় এখন বাংলাদেশের সামনে মূল লক্ষ্য মাঠের প্রস্তুতি। ২৫ সেপ্টেম্বর মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ফিফা আসিয়ান কাপের অভিযান।

এরপর সিঙ্গাপুর ও স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ। তিন ম্যাচের এই সূচিকে সামনে রেখে দলের সঙ্গে যোগ দিয়েছেন হামজা চৌধুরী।

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অবস্থান করা বাংলাদেশ দলের সঙ্গে এবার একত্রিত হয়েছেন শেফিল্ড ইউনাইটেডের এই মিডফিল্ডার। দলের বাকি সদস্যরা আগে পৌঁছালেও হামজার অপেক্ষায় ছিল বাংলাদেশ শিবির। শেষ পর্যন্ত সেই অপেক্ষার অবসান হয়েছে।

দলের ২৩ সদস্যের স্কোয়াডে এবার নতুন মুখ হিসেবে আছেন প্রবাসী তিন ফুটবলার ফারহান আলী ওয়াহিদ, জিদান আলেকজান্ডার ইউসুফ ও শুকি ইতফুসা। তাদের সঙ্গে হামজার অন্তর্ভুক্তি মাঝমাঠ ও আক্রমণভাগে বাংলাদেশের বিকল্প বাড়িয়েছে।

হামজার আন্তর্জাতিক অভিজ্ঞতাও বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। জাতীয় দলের হয়ে তার সর্বশেষ উপস্থিতি ছিল ৫ জুন সানমারিনোর বিপক্ষে ম্যাচে। জাকিন্তোতে অনুষ্ঠিত ওই ম্যাচে বাংলাদেশ ২-১ গোলে জয় পেয়েছিল।

এবার নতুন প্রতিযোগিতায় নিজেদের সামর্থ্য দেখানোর সুযোগ পাচ্ছে বাংলাদেশ। ‘এ’ গ্রুপে মালয়েশিয়ার পাশাপাশি সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে দলটি। ২৫ সেপ্টেম্বর মালয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচের পর ২৮ সেপ্টেম্বর সিঙ্গাপুর এবং ১ অক্টোবর ইন্দোনেশিয়ার সঙ্গে খেলবে বাংলাদেশ।

গ্রুপের তিন ম্যাচের ভেন্যু একই—জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়াম। টুর্নামেন্টের প্রস্তুতিতে এখন সতীর্থদের সঙ্গে অনুশীলনে নামার অপেক্ষায় হামজা। বাংলাদেশের জার্সিতে আন্তর্জাতিক ফুটবলে ইতোমধ্যে নিজের উপস্থিতি জানান দেওয়া এই ফুটবলারের সামনে এবার নতুন প্রতিযোগিতায় সেই ধারাবাহিকতা ধরে রাখার সুযোগ।

মতামত দিন