আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

সামরিক চাপ কমালে ৭ দিনের মধ্যে হরমুজ খুলবে ইরান।

নিজেস্ব প্রতিবেদক:

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাত নিরসনে আলোচনার পথ খোলা রাখার ইঙ্গিত দিয়েছে ইরান। তবে এর জন্য আগে ওয়াশিংটনকে সামরিক চাপ কমানোর উদ্যোগ নিতে হবে বলে শর্ত দিয়েছে তেহরান।

এমন পদক্ষেপ নেওয়া হলে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি দিয়ে নৌ চলাচল স্বাভাবিক করার প্রস্তাব দিয়েছে দেশটি।

জাপানের সংবাদমাধ্যম কিয়োদো নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক ইরানি কর্মকর্তা। তার ভাষ্য অনুযায়ী, মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইতোমধ্যে প্রস্তাবটি যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।

ইরানি কর্মকর্তার বক্তব্যে আলোচনার মাধ্যমে দীর্ঘমেয়াদি সমাধানের সম্ভাবনার কথাও উঠে এসেছে। তিনি জানান, যুক্তরাষ্ট্রকে আলোচনার বিষয়ে আন্তরিকতা ও দৃঢ় প্রতিশ্রুতির প্রমাণ দিতে হবে। তাহলেই একটি চুক্তির দিকে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি হতে পারে।

তবে চলতি সপ্তাহে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে সরাসরি বৈঠকের সম্ভাবনা নেই বলেও জানিয়েছেন ওই কর্মকর্তা।

বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি ও পণ্য পরিবহনের অন্যতম প্রধান সমুদ্রপথ হরমুজ প্রণালিকে ঘিরেই বর্তমানে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনার বড় একটি অংশ কেন্দ্রীভূত। প্রণালিটি বন্ধ থাকায় আন্তর্জাতিক নৌ ও জ্বালানি পরিবহনে প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

এর আগে ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। পাল্টা জবাবে ইরান ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালায়। পরে এপ্রিলে পাকিস্তানের মধ্যস্থতায় দুই পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়।

পরবর্তী সময়ে জুনে ইসলামাবাদ সমঝোতা স্মারকের মাধ্যমে দীর্ঘমেয়াদি একটি চুক্তি নিয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্র ও ইরানকে ৬০ দিনের সময় দেওয়া হয়েছিল। কিন্তু সেই উদ্যোগ স্থায়ী সমাধানে পৌঁছানোর আগেই দুই দেশ আবারও পাল্টাপাল্টি হামলায় জড়িয়ে পড়ে।

এরপর ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্র সামরিক অবরোধ পুনর্বহাল করলে তেহরান হরমুজ প্রণালিতে নৌ চলাচল বন্ধ করে দেয়। এখন সামরিক চাপ কমানোর বিনিময়ে সাত দিনের মধ্যে গুরুত্বপূর্ণ এই জলপথ খুলে দেওয়ার প্রস্তাব সামনে আনল ইরান।

সূত্র: আনাদোলু এজেন্সি

মতামত দিন