আবহাওয়া
ছবি: সংগৃহীত

সাগরে নিম্নচাপ ঘনীভূত হওয়ার শঙ্কা, রাতে ১৩ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস।

নিজেস্ব প্রতিবেদক:

বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি আরও শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে রূপ নিতে পারে। এমন পরিস্থিতিতে দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রেখেছে আবহাওয়া অধিদপ্তর।

পাশাপাশি রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদপ্তরের সমুদ্রবন্দর ও অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পৃথক পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তর বলছে, নিম্নচাপের কেন্দ্রের আশপাশে সাগর উত্তাল রয়েছে। কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার। দমকা হাওয়ার সময় এই গতি ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত উঠছে।

মঙ্গলবার সকাল ৬টার তথ্য অনুযায়ী, নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৭৬৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার থেকে ৭৩৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা থেকে ৬২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৬৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।

সংস্থাটির পূর্বাভাসে বলা হয়েছে, নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে এগিয়ে আগামী ১২ ঘণ্টায় আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

সাগরে থাকা মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে ১৩ অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা প্রকাশ করা হয়েছে। অঞ্চলগুলো হলো—রাজশাহী, পাবনা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট।

পূর্বাভাস অনুযায়ী, এসব অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সময়ে বৃষ্টি ও বজ্রবৃষ্টিও হতে পারে।

এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

মতামত দিন