জাতীয়
ছবি: সংগৃহীত

জ্বালানি তেলের দাম বাড়ায় বাড়ল বাস ভাড়া।

নিজেস্ব প্রতিবেদক:

ডিজেলের মূল্যবৃদ্ধির প্রভাব পড়ছে গণপরিবহনের ভাড়ায়। দূরপাল্লা এবং রাজধানীসহ দেশের বিভিন্ন শহরের বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সড়ক পরিবহন মন্ত্রণালয়ের বৈঠকে নতুন ভাড়া নির্ধারণের বিষয়ে সিদ্ধান্ত হয়। প্রজ্ঞাপন জারির পর তা কার্যকর হবে।

নতুন সিদ্ধান্তের ফলে যাত্রীদের বাসযাত্রায় বাড়তি অর্থ গুনতে হবে। বিশেষ করে দীর্ঘপথের যাত্রীদের ক্ষেত্রে দূরত্ব যত বেশি হবে, মোট ভাড়ার পরিমাণও তত বাড়বে। উদাহরণ হিসেবে, ১০০ কিলোমিটার পথের দূরপাল্লার যাত্রায় মূল ভাড়া ২০ টাকা বাড়বে। এর সঙ্গে প্রযোজ্য সড়ক ও সেতুর টোল যুক্ত হলে যাত্রীর পরিশোধযোগ্য অর্থ আরও বেশি হতে পারে।

ভাড়া সমন্বয়ের বিষয়টি নিয়ে এর আগের দিন সোমবার রাজধানীর বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) প্রধান কার্যালয়ে আলোচনা হয়। ওই বৈঠকে দূরপাল্লার বাসে কিলোমিটারপ্রতি ২০ পয়সা এবং নগর পরিবহনে ১৮ পয়সা বাড়ানোর প্রস্তাব করা হয়েছিল।

তবে মঙ্গলবার মন্ত্রণালয়ের বৈঠকে শেষ পর্যন্ত উভয় ধরনের পরিবহনের জন্য কিলোমিটারপ্রতি ১৭ পয়সা বৃদ্ধির সিদ্ধান্ত আসে। নতুন ভাড়ার হার আনুষ্ঠানিকভাবে প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হবে।

এর আগে পরিবহন মালিকদের পক্ষ থেকে দ্রুত নতুন ভাড়ার প্রজ্ঞাপন জারির দাবি জানানো হয়েছিল। তাদের বক্তব্য ছিল, নতুন দামে ডিজেল কিনে আগের ভাড়ায় বাস চালানো হলে বিভিন্ন রুটে ভাড়া আদায় নিয়ে চালক, মালিক ও যাত্রীদের মধ্যে জটিলতা তৈরি হতে পারে।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মো. সাইফুল আলম বলেন, আগের দফায় জ্বালানির দাম বাড়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ভাড়া নির্ধারণ করা হয়েছিল। এরপর বাসের যন্ত্রাংশসহ পরিচালন ব্যয়ের অন্যান্য খাতেও ব্যয় বেড়েছে। তারপরও যাত্রীদের বিষয়টি বিবেচনায় রেখে এবার শুধু জ্বালানির মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে ভাড়া সমন্বয়ে তারা সম্মত হয়েছেন।

রোববার রাতে সরকার ডিজেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা নির্ধারণ করে। সোমবার ২১ সেপ্টেম্বর থেকে নতুন দাম কার্যকর হয়েছে। দেশের অধিকাংশ বাস ও অন্যান্য গণপরিবহন ডিজেলচালিত হওয়ায় জ্বালানির এই মূল্যবৃদ্ধিতে পরিবহন খরচ বেড়ে যায়।

বর্তমানে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাসে কিলোমিটারপ্রতি ভাড়া ২ টাকা ৫৩ পয়সা এবং মিনিবাসে ২ টাকা ৪৩ পয়সা। অন্যদিকে দূরপাল্লার ৫২ আসনের বাসে প্রতি কিলোমিটারের ভাড়া ২ টাকা ২৩ পয়সা। নতুন প্রজ্ঞাপন জারি হলে এসব হারের সঙ্গে ১৭ পয়সা করে যুক্ত হবে।

মতামত দিন