২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, শনাক্ত ১২০০-এর বেশি।
দেশজুড়ে হাম পরিস্থিতিতে নতুন করে আরও ছয়জনের মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। একই সময়ে সন্দেহজনক হাম রোগী হিসেবে শনাক্ত হয়েছেন ১ হাজার ২২১ জন।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে প্রকাশিত স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত হাম পরিস্থিতি-সংক্রান্ত প্রতিবেদনে গত ২৪ ঘণ্টার এই চিত্র তুলে ধরা হয়। রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সময়ের তথ্য এতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের হিসাবে, ১৫ মার্চ থেকে সোমবার সকাল পর্যন্ত দেশে সন্দেহজনক হাম নিয়ে মোট ১ লাখ ৮১ হাজার ৩৫ জন শনাক্ত হয়েছেন। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২০ হাজার ৬৪৬ জন।
একই সময়ে হামজনিত উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে বিপুলসংখ্যক মানুষকে। প্রতিবেদনের এক হিসাবে, ১৫ মার্চের পর থেকে ১ লাখ ৫৮ হাজার ৫৮৯ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৫২ হাজার ২২৫ জন।
তবে প্রতিবেদনের আরেকটি অংশে হাসপাতালভিত্তিক সামগ্রিক হিসাব তুলে ধরে বলা হয়েছে, এ পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১ লাখ ৫৯ হাজার ৮০৪ জন। আর চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ১ লাখ ৫৩ হাজার ৪৪৮ জন।
মৃত্যুর হিসাবেও সন্দেহজনক ও নিশ্চিত রোগীর আলাদা তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা ৯৬২ জন। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হাম রোগে মারা গেছেন ১০১ জন।
গত ২৪ ঘণ্টার নতুন ছয় মৃত্যুসহ হাম পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতর নিয়মিতভাবে রোগী শনাক্ত, হাসপাতালে ভর্তি, ছাড়পত্র ও মৃত্যুর তথ্য পর্যবেক্ষণ করছে।
মতামত দিন