জাতীয়
ছবি: সংগৃহীত

চার ধরনের পুলিশ পদক পাচ্ছেন ৯২ সদস্য, তালিকায় আইজিপিও।

নিজেস্ব প্রতিবেদক:

প্রায় এক বছরের দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবে পুলিশের ৯২ সদস্যকে পদক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সাহসিকতা, দায়িত্ব পালনে বিশেষ অবদান, গুরুত্বপূর্ণ মামলার তদন্ত এবং নতুন ধরনের উদ্যোগের জন্য চার শ্রেণিতে এসব পদক দেওয়া হবে।

মনোনীতদের মধ্যে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরও রয়েছেন।

সোমবার (২১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-২ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। উপসচিব নাসরিন সুলতানা এতে স্বাক্ষর করেছেন।

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৫ সালের ১ মার্চ থেকে ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে পুলিশের সদস্যরা যেসব দায়িত্ব পালন করেছেন, সেগুলো মূল্যায়নের ভিত্তিতেই পদকের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে। কর্মক্ষেত্রে সাহসিকতা, দক্ষতা, সেবামূলক ভূমিকা, আলোচিত মামলার তদন্ত এবং উদ্ভাবনী কর্মকাণ্ডকে বিশেষভাবে বিবেচনায় নেওয়া হয়েছে।

মনোনয়ন পাওয়া সদস্যরা চার ধরনের পদকের আওতায় রয়েছেন। এগুলো হলো বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম), বাংলাদেশ পুলিশ পদক-সেবা (বিপিএম-সেবা), রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) এবং রাষ্ট্রপতির পুলিশ পদক-সেবা (পিপিএম-সেবা)।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নির্ধারিত সময়ের কর্মতৎপরতার মূল্যায়ন করেই এসব পদকের জন্য পুলিশ সদস্যদের নির্বাচন করা হয়েছে। দায়িত্ব পালনের ক্ষেত্রে অসাধারণ সাহস প্রদর্শন থেকে শুরু করে গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্তে ভূমিকা—বিভিন্ন ধরনের অবদানের বিষয় এতে অন্তর্ভুক্ত রয়েছে।

পুলিশের সদস্যদের বিশেষ কাজের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি ভবিষ্যতে দায়িত্ব পালনে তাদের উৎসাহিত করার উদ্দেশ্যেও এ পদক প্রদান করা হয়ে থাকে। এবারও সেই ধারাবাহিকতায় নির্ধারিত মূল্যায়নকাল শেষে ৯২ সদস্যকে চার ক্যাটাগরিতে পুরস্কৃত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মতামত দিন