জাতীয়
ছবি: সংগৃহীত

পল্লবীতে পার্কিং করা বাসে আগুন, তদন্তে পুলিশ।

নিজেস্ব প্রতিবেদক:

রাজধানীর পল্লবীতে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। রোববার সকালে সিরামিক রোডের সরকারি কলেজসংলগ্ন এলাকায় বৃষ্টির মধ্যে পরিস্থান পরিবহনের বাসটিতে আগুন দেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ।

বাসটির মালিক খান মো. মহিতুল ইসলাম জানান, সকাল সাড়ে ৭টার দিকে তার সাবেক এক চালক ফোন করে বাসে আগুন লাগার বিষয়টি জানান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তিনি বাসটি আগুনে পুড়ে যেতে দেখেন।

পুড়ে যাওয়া বাসটির নম্বর ঢাকা মেট্রো-ব-১১-৮৭০৩। মালিকের ভাষ্য অনুযায়ী, ঘটনার সময় বাসটি সড়কের পাশে পার্ক করে রাখা ছিল।

মিরপুর জোনের উপপুলিশ কমিশনার মো. মোস্তাক সরকার জানান, সকাল সোয়া ৭টা থেকে সাড়ে ৭টার মধ্যবর্তী সময়ে সরকারি কলেজের পাশে বাসটিতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। কারা বাসটিতে আগুন দিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার পর বিষয়টি নিয়ে অনুসন্ধান শুরু করেছে পুলিশ। আগুন দেওয়ার পেছনে কারা রয়েছে এবং কী কারণে বাসটিকে লক্ষ্য করা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এ ঘটনায় থানায় মামলা হয়েছে কি না জানতে চাইলে বাসটির মালিক জানান, এখনো কোনো মামলা করেননি।

মতামত দিন