জাতীয়
ছবি: সংগৃহীত

যাত্রাবাড়ীর ককটেল ঘটনায় ৪ জন গ্রেপ্তার, আ:লীগের সম্পৃক্ততার দাবি ডিবির।

নিজেস্ব প্রতিবেদক:

রাজধানীর যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের মধ্যে রায়হান উদ্দিন নামে একজনকে বংশালের ৩২ নম্বর ওয়ার্ডের ৬ নম্বর ইউনিট আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারদের দেওয়া তথ্যের ভিত্তিতে লালবাগের একটি ভবনের পার্কিং এলাকা থেকে চারটি অবিস্ফোরিত ককটেলও উদ্ধার করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিবির ওয়ারী বিভাগের উপপুলিশ কমিশনার মোল্লা মো. শাহীন এসব তথ্য জানান।

পুলিশের দাবি, রাজধানীতে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনাগুলোর পেছনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। দলটির বিদেশে অবস্থানরত কেন্দ্রীয় নেতাদের নির্দেশনায় এসব কর্মকাণ্ড চালানো হচ্ছে বলেও দাবি করেছে ডিবি। এ ধরনের কর্মকাণ্ডে বিদেশ থেকে অর্থ সহায়তা আসার তথ্য পাওয়ার কথাও জানিয়েছে পুলিশ।

ডিবি জানায়, গত ১৮ সেপ্টেম্বর রাত ৮টার দিকে যাত্রাবাড়ী থানার সামনে সড়কে একাধিক ককটেল বিস্ফোরণ ঘটে। এতে একজন অটোরিকশাচালক আহত হন। ঘটনার পর ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ শুরু করেন গোয়েন্দারা। সেই ফুটেজের সূত্র ধরে পরদিন বংশাল এলাকায় অভিযান চালিয়ে রায়হান উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।

পরে রায়হানকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে লালবাগের জেন সাহা রোডের একটি ভবনের নিচতলার পার্কিংয়ে অভিযান চালানো হয়। সেখানে ইটের সুরকির বস্তার মধ্যে থেকে চারটি অবিস্ফোরিত ককটেল পাওয়া যায়। পরে বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা সেগুলো নিষ্ক্রিয় করেন।

এরপর পৃথক অভিযানে রাসেল খান, আলা উদ্দিন ও আব্দুল্লাহকে গ্রেপ্তার করা হয়। ডিবির ভাষ্য, চারজনই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় বিস্ফোরকদ্রব্য আইনে মামলা হয়েছে এবং আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারদের সঙ্গে রাজধানীর অন্যান্য এলাকায় সংঘটিত ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনার কোনো যোগসূত্র আছে কি না, সেটিও খতিয়ে দেখছে গোয়েন্দা পুলিশ। একই সঙ্গে তাদের মোবাইল ফোনের যোগাযোগের তথ্য বিশ্লেষণ করে পলাতক রাজনৈতিক নেতাদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ ছিল কি না, তা যাচাই করা হচ্ছে।

১৮ সেপ্টেম্বর রাজধানীর যাত্রাবাড়ী, মালিবাগ, আগারগাঁও ও মহাখালীসহ কয়েকটি এলাকায় ককটেল বিস্ফোরণের খবর পাওয়া যায়। এসব ঘটনার মধ্যে যাত্রাবাড়ীর ঘটনায় একজন অটোরিকশাচালক আহত হওয়ার তথ্যও জানিয়েছে পুলিশ।

মতামত দিন