আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় ২১ সেপ্টেম্বর থেকে তুরস্কের মাহান এয়ারের সব ফ্লাইট বন্ধ।

নিজেস্ব প্রতিবেদক:

মার্কিন নিষেধাজ্ঞার সম্ভাব্য প্রভাব থেকে নিজেদের প্রতিষ্ঠানগুলোকে সুরক্ষিত রাখতে ইরানের মাহান এয়ারের সঙ্গে বিমান চলাচল বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে তুরস্ক। আগামী ২১ সেপ্টেম্বর থেকে ইরানি বেসরকারি বিমান সংস্থাটির তুরস্কমুখী ও তুরস্ক থেকে ইরানগামী সব ফ্লাইট আর চলবে না।

তুরস্কের কর্মকর্তারা শুক্রবার মিডল ইস্ট আইকে জানিয়েছেন, মাহান এয়ারকে ঘিরে নেওয়া সিদ্ধান্তটি শুধু এই বিমান সংস্থার কার্যক্রমের ক্ষেত্রে প্রযোজ্য। ইরানের অন্যান্য এয়ারলাইনগুলোর ওপর একই ধরনের কোনো নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি।

মাহান এয়ারের কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট তুরস্কের তিনটি প্রতিষ্ঠানকে সম্প্রতি মার্কিন নিষেধাজ্ঞার আওতায় আনা হয়। প্রতিষ্ঠানগুলো হলো সি সিস্টেম, মেস কার্গো ও স্কাই ফিনিক্স। মার্কিন কর্তৃপক্ষের অভিযোগ, এসব প্রতিষ্ঠান মাহান এয়ারকে উড়োজাহাজের যন্ত্রাংশ সরবরাহ, বিক্রয় কার্যক্রম এবং উড়োজাহাজ কেনার ক্ষেত্রে সহায়তা করেছে।

চলতি মাসের শুরুতে ইরানের বেসামরিক বিমান চলাচল খাতের বিভিন্ন প্রতিষ্ঠান ও সরবরাহকারীর বিরুদ্ধেও নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের বৈদেশিক সম্পদ নিয়ন্ত্রণ দপ্তর (ওএফএসি)। নিষেধাজ্ঞার আওতাভুক্ত প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে সংশ্লিষ্টদের সীমিত সময় দেওয়া হয়। তৃতীয় দেশের কোনো প্রতিষ্ঠান এসব নিষেধাজ্ঞাপ্রাপ্ত সংস্থাকে সহায়তা করলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার সতর্কতা দেওয়া হয়েছিল।

তুরস্কের একজন কর্মকর্তা মিডল ইস্ট আইকে বলেন, মাহান এয়ারের সঙ্গে যুক্ত থাকার কারণে তুরস্কের তিন প্রতিষ্ঠানের ওপর মার্কিন ব্যবস্থা নেওয়া আঙ্কারার জন্য ঝুঁকির বিষয়টি স্পষ্ট করেছে। তার মতে, বিমানবন্দর সেবা, গ্রাউন্ড হ্যান্ডলিং, টিকিট বিক্রি কিংবা ব্যাংকিংয়ের মতো কার্যক্রমে মাহান এয়ারকে সহায়তা করা তুর্কি প্রতিষ্ঠানও ভবিষ্যতে মার্কিন পদক্ষেপের মুখে পড়তে পারে।

এ কারণে ইরানের অন্য বিমান সংস্থাগুলোর কার্যক্রম নিয়েও পর্যালোচনা চালাবে তুরস্ক। এ মূল্যায়নের সময় দুই দেশের বিমান চলাচল চুক্তি, উড়োজাহাজ পরিচালনার নিরাপত্তা এবং ওয়াশিংটনের পক্ষ থেকে নতুন নিষেধাজ্ঞা আসার সম্ভাবনাসহ বিভিন্ন বিষয় বিবেচনা করা হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

তুরস্কে মাহান এয়ারের নিয়মিত যাতায়াত ছিল। ইস্তাম্বুল-তেহরান রুটে প্রতিদিন অন্তত তিনটি ফ্লাইট পরিচালনা করত সংস্থাটি।

এদিকে ফ্লাইট বন্ধের সিদ্ধান্তের বিষয়টি মাহান এয়ারও নিশ্চিত করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২১ সেপ্টেম্বর থেকে তুরস্কের পাশাপাশি ওমান ও জর্জিয়ায় তাদের যাতায়াতও সাময়িকভাবে বন্ধ থাকবে।

সূত্র: মিডল ইস্ট আই

মতামত দিন