কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১।
কুমিল্লায় নিখোঁজের একদিন পর ১৩ বছর বয়সী অপ্রতীমের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে অপ্রতীমের মৃত্যুর ঘটনায় তুহিন নামে এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) ভোরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি সামাজিক বনায়ন এলাকার একটি টিলার পেছন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। জায়গাটি ম্যাজিক প্যারাডাইস পার্কের পেছনে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের তথ্যমতে, অপ্রতীমের মুঠোফোনের সর্বশেষ অবস্থান পাওয়া যায় বিশ্ববিদ্যালয়সংলগ্ন ওই এলাকায়। বিষয়টি জানার পর শনিবার ভোরে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী সেখানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তারা টিলার এলাকায় মরদেহটির সন্ধান পান।
এর আগে শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে কোটবাড়ি এলাকার বাসা থেকে বের হওয়ার পর অপ্রতীমের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার বিষয়টি জানিয়ে কুমিল্লা সদর দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
মরদেহ উদ্ধারের পর ঘটনাটি তদন্তে নামে পুলিশ। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য তুহিনকে হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কোটবাড়ি পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর মহিবুল আলম ভূঁইয়া।
শনিবার দুপুরে তিনি জানান, অপ্রতীমের মৃত্যুর কারণ এবং ঘটনার সঙ্গে কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তুহিনকে কেন সন্দেহ করা হচ্ছে, সে বিষয়ে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিস্তারিত কিছু জানায়নি পুলিশ।
মতামত দিন