রাজধানীতে ২৪ ঘণ্টার পুলিশি অভিযান, গ্রেপ্তার ৫১৫।
অপরাধবিরোধী অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৫১৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গত ২৪ ঘণ্টায় পরিচালিত এসব অভিযানে অস্ত্র, মাদকসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।
ডিএমপির দেওয়া তথ্য অনুযায়ী, মিরপুর থেকে সর্বোচ্চ ১২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরপর তেজগাঁওয়ে ৯২, মতিঝিলে ৭৬, ওয়ারীতে ৬৪ এবং উত্তরা বিভাগে ৪৬ জনকে ধরা হয়েছে। গুলশান থেকে ৩৭, লালবাগে ৩৪, রমনায় ৩০ এবং গোয়েন্দা পুলিশের অভিযানে ১৬ জন গ্রেপ্তার হয়েছেন।
অভিযানে উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১০টি গুলি। এছাড়া তিনটি চাপাতি, পাঁচটি চাকু, ৫৩টি লোহার পেরেক এবং বিস্ফোরিত ককটেলের কিছু অংশ জব্দ করেছে পুলিশ।
মাদক উদ্ধারের হিসাবেও বড় পরিমাণের সামগ্রী পাওয়া গেছে। অভিযানে ৯৪ কেজি ৩৫০ গ্রাম গাঁজা, ১১ হাজার ১৬৭টি ইয়াবা এবং ১২১ দশমিক ৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এর বাইরে তিন বোতল বিদেশি মদ ও ২০ ক্যান বিয়ারও জব্দ করা হয়েছে।
পুলিশের অভিযানে একটি ব্যক্তিগত গাড়ি, পাঁচটি মোবাইল ফোন এবং নগদ ৭ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়েছে।
ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম শাখার অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে।
মতামত দিন