জাতীয়
ছবি: সংগৃহীত

রাজধানীতে বাড়তি নিরাপত্তা, বসানো হয়েছে দুই শতাধিক চেকপোস্ট।

নিজেস্ব প্রতিবেদক:

রাজধানীতে পরপর ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও প্রবেশপথে শুরু হয়েছে বিশেষ তল্লাশি।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় দুই শতাধিক চেকপোস্ট বসানো হয়েছে। এসব চেকপোস্টে সন্দেহজনক ব্যক্তি ও যানবাহন থামিয়ে তল্লাশি চালানোর পাশাপাশি পরিচয় যাচাই করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, ঢাকায় প্রবেশের চারটি গুরুত্বপূর্ণ পথকে বিশেষ নজরদারির আওতায় রাখা হয়েছে। একই সঙ্গে নগরীর গুরুত্বপূর্ণ মোড়, সড়ক ও অন্যান্য স্পর্শকাতর এলাকাতেও বাড়ানো হয়েছে পুলিশের উপস্থিতি।

সম্প্রতি রাজধানীর কয়েকটি এলাকায় ককটেল বিস্ফোরণ এবং বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এসব ঘটনায় সাধারণ ডায়েরি ও মামলা করা হয়েছে। ঘটনার সঙ্গে কারা জড়িত, তা বের করতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।

নাশকতার ঘটনাগুলোর সঙ্গে জড়িতদের শনাক্ত করতে ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। সংগৃহীত ভিডিও পর্যালোচনা করে সন্দেহভাজনদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

শুধু পুলিশ নয়, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নও (এসআরবি) রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে চেকপোস্ট পরিচালনা করছে। পাশাপাশি নগরীর বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর টহলও বাড়ানো হয়েছে।

ডিএমপি বলছে, রাজধানীর সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করা এবং নতুন করে কোনো ধরনের নাশকতা ঠেকাতেই এই বিশেষ তল্লাশি ও নজরদারি কার্যক্রম চালানো হচ্ছে।

মতামত দিন