অপরাধ
ছবি: সংগৃহীত

ঢাকায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৯৯, উদ্ধার অস্ত্র-মাদক।

নিজেস্ব প্রতিবেদক:

রাজধানীর বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের অভিযানে অস্ত্র, মাদক ও অন্যান্য সামগ্রী জব্দ করা হয়েছে। একই অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪৯৯ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানাগুলোতে ৪৯টি মামলা করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) ডিএমপির গণমাধ্যম শাখা থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযানগুলো পরিচালিত হয়।

গ্রেপ্তারের সংখ্যায় সবচেয়ে এগিয়ে রয়েছে মিরপুর বিভাগ। এ বিভাগ থেকে ১৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তেজগাঁওয়ে ৮৬ জন, ওয়ারীতে ৫৭ জন, মতিঝিলে ৫৬ জন এবং উত্তরা বিভাগে ৪৯ জনকে গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া রমনা বিভাগে ৪১ জন, গুলশানে ৩৮ জন, লালবাগে ৩৬ জন এবং গোয়েন্দা পুলিশ (ডিবি) পাঁচজনকে গ্রেপ্তার করেছে।

অভিযান শেষে পুলিশের জব্দ তালিকায় রয়েছে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি। এ ছাড়া পাঁচটি রামদা, দুটি তরবারি এবং একটি ছোরা উদ্ধার করা হয়েছে।

মাদকবিরোধী অভিযানে ৩৯৫ পিস ইয়াবা, ৪৩৮ বোতল ফেনসিডিল, ২ কেজি ৪০০ গ্রাম গাঁজা ও ৪৫ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। মাদক সেবনের কাজে ব্যবহৃত নয়টি ফুয়েল পেপার, তিনটি গ্যাস লাইট ও তিনটি প্লাস্টিকের বোতলও উদ্ধার করা হয়েছে।

পুলিশ আরও চারটি মোবাইল ফোন, একটি স্বর্ণের কানের দুল এবং নগদ ২৫ হাজার টাকা জব্দ করেছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন জানান, রাজধানীর নিরাপত্তা নিশ্চিত এবং অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এসব কার্যক্রম চালানো হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

মতামত দিন