শহীদ দুই সেনার পরিবারকে বাড়ি ও চাকরির আশ্বাস প্রধানমন্ত্রীর।
দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণ হারানো দুই সেনা সদস্যের পরিবারের দীর্ঘমেয়াদি দায়িত্ব নেওয়ার কথা জানিয়েছে সরকার। তাঁদের স্থায়ী ঠিকানায় বাড়ি নির্মাণ, স্ত্রীদের চাকরি এবং সন্তানদের মাসিক ভাতা দেওয়ার উদ্যোগের কথা জানিয়েছে সেনাবাহিনী।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শহীদ সেনা সদস্যদের স্বজনদের সঙ্গে সাক্ষাৎকালে এসব সহায়তার আশ্বাস দেওয়া হয়। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান দুই পরিবারের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে উপস্থিত ছিলেন শহীদ সৈনিক (অপারেটর) আবু বকর সিদ্দিকের স্ত্রী সুরাইয়া আক্তার জুতি, শিশুকন্যা ফাতেমা সিদ্দিকা, বাবা আব্দুল ওহাব ও মা পারভীন আক্তার। অন্য পরিবারের পক্ষ থেকে ছিলেন সৈনিক (গানার) মো. তাসনিম রিফায়াতের স্ত্রী মোসা. ফাহমিদা আফরিন, শিশুকন্যা রাফসা তাসনিম ইফরা এবং বাবা মো. আসাদুল হক।
স্বজনদের সঙ্গে কথা বলার সময় প্রধানমন্ত্রী তাঁদের প্রতি সমবেদনা জানান। দেশের দায়িত্ব পালন করতে গিয়ে দুই সেনা সদস্যের আত্মত্যাগের কথা উল্লেখ করে তিনি বলেন, জাতি তাঁদের গভীর শ্রদ্ধায় স্মরণ করবে।
শোকাহত পরিবারগুলোর পাশে সরকার ও সেনাবাহিনী ভবিষ্যতেও থাকবে বলে আশ্বস্ত করেন তারেক রহমান। প্রয়োজনীয় সহায়তার পাশাপাশি পরিবারের সদস্যদের দেখভালের বিষয়েও সরকারের দায়িত্ব অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এবং ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গত ৯ সেপ্টেম্বর চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিং চলাকালে গোলা বিস্ফোরণের ঘটনায় আবু বকর সিদ্দিক ও মো. তাসনিম রিফায়াত শহীদ হন। তাঁদের পরিবারের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে নিহত দুই সেনার স্বজনদের প্রতি রাষ্ট্রীয় সহমর্মিতা প্রকাশ করা হলো।
মতামত দিন