জাতীয়
ছবি: সংগৃহীত

ইউপি নির্বাচন নিয়ে আগের অবস্থান থেকে সরে গেল ইসি।

নিজেস্ব প্রতিবেদক:

ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের প্রাথমিক পরিকল্পনা এবং সরকারের অবস্থানের মধ্যে সমন্বয়ের প্রয়োজন দেখা দিয়েছে। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামী বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হবে।

ওই বৈঠকের পরই সাত ধাপে ইউপি ভোট আয়োজনের সময়সূচি চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে তিনি জানান, সোমবার নির্বাচন কমিশন যে সময়সূচির কথা জানিয়েছিল, সেটিকে এখনই চূড়ান্ত ঘোষণা হিসেবে দেখার সুযোগ নেই।

এর আগে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, নির্বাচন আয়োজনের সাংবিধানিক ক্ষমতা নির্বাচন কমিশনের রয়েছে এবং প্রতিষ্ঠানটি স্বাধীনভাবে কাজ করে। তবে সাত ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন করার বিষয়ে কমিশনের পক্ষ থেকে সরকারকে জানানো হয়নি বলে দাবি করেন তিনি।

প্রতিমন্ত্রীর ভাষ্য, ভোটের সম্ভাব্য সময়সূচি নিয়ে সরকারের সঙ্গে নির্বাচন কমিশনের কোনো চিঠিপত্র আদান-প্রদান হয়নি। অন্য কোনো মাধ্যমেও এ বিষয়ে আলোচনা হয়নি বলে জানান তিনি।

সোমবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছিলেন, সাত পর্বে ইউপি নির্বাচন করার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে ১২ নভেম্বর, দ্বিতীয় ধাপে ১৩ ডিসেম্বর এবং তৃতীয় ধাপে ৩০ ডিসেম্বর ভোট হতে পারে।

তবে আন্তঃমন্ত্রণালয় বৈঠকের সিদ্ধান্তের ওপরই এই সময়সূচির চূড়ান্ত রূপ নির্ভর করছে।

মতামত দিন