ব্যবসায়-বাণিজ্য
ছবি: সংগৃহীত

ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনে দেশে এলো আরও ৪৭ লাখ লিটার ডিজেল।

নিজেস্ব প্রতিবেদক:

উত্তরাঞ্চলে জ্বালানি সরবরাহের জন্য ব্যবহৃত ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনে নতুন করে ডিজেল এসেছে। ৭২তম চালানে প্রায় ৪ হাজার মেট্রিক টন জ্বালানি দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত রিসিভ টার্মিনাল ডিপোতে গ্রহণ করা হয়েছে।

পরিমাণের হিসাবে এ চালানে এসেছে ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১২ সেপ্টেম্বর সকাল ৯টার দিকে পাইপলাইনে জ্বালানি প্রবাহ শুরু হয়। পরদিন ১৩ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে পুরো চালান পার্বতীপুর ডিপোতে পৌঁছানোর কাজ শেষ হয়।

চুক্তি অনুযায়ী, ভারত থেকে আমদানি করা ডিজেল দেশের তিন রাষ্ট্রায়ত্ত বিপণন প্রতিষ্ঠানের মধ্যে ভাগ করে দেওয়া হয়। পদ্মা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম ও যমুনা অয়েল কোম্পানি সাধারণত প্রায় সমান হারে এই জ্বালানি পেয়ে থাকে।

দুই দেশের মধ্যে ২০১৮ সালের ৯ এপ্রিল স্বাক্ষরিত চুক্তির আওতায় ১৫ বছরে প্রায় ২০ লাখ টন ডিজেল আমদানির পরিকল্পনা রয়েছে। ২০২৩ সালের ১৮ মার্চ পাইপলাইনটি আনুষ্ঠানিকভাবে চালু হওয়ার পর নতুন চালানসহ ভারত থেকে মোট ৩ লাখ ৩০ হাজার ৮৭ টন ডিজেল আমদানি করা হয়েছে।

ফ্রেন্ডশিপ পাইপলাইনের বাংলাদেশ অংশের দৈর্ঘ্য ১২৬ দশমিক ৫৭ কিলোমিটার। এটি পঞ্চগড়ের তেঁতুলিয়া, পঞ্চগড় সদর ও বোদা উপজেলা অতিক্রম করে নীলফামারী সদর এবং দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার মধ্য দিয়ে পার্বতীপুরের টার্মিনালে যুক্ত হয়েছে।

ভূগর্ভস্থ এই জ্বালানি পরিবহনব্যবস্থাটি মাটির প্রায় পাঁচ থেকে আট ফুট নিচে স্থাপন করা হয়েছে। পাইপলাইনের মাধ্যমে আমদানি করা ডিজেল সরাসরি টার্মিনালে পৌঁছানোর ফলে উত্তরাঞ্চলে জ্বালানি গ্রহণ ও বিতরণের একটি স্থায়ী অবকাঠামো তৈরি হয়েছে।

মতামত দিন