ইয়েমেন পরিস্থিতিতে সৌদি সীমান্তে বাড়তি সতর্কতা জারি।
ইয়েমেনে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ায় সৌদি আরবের সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এর অংশ হিসেবে আসির প্রদেশের খামিস মুশাইত ও আবহা শহরে জরুরি সতর্কতা জারি করেছিল দেশটির সিভিল ডিফেন্স।
সোমবার (১৪ সেপ্টেম্বর) স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করা হয়েছে। সতর্কতা তুলে নেওয়ার পর এলাকাগুলোকে নিরাপদ ঘোষণা করা হলেও সাধারণ মানুষকে দায়িত্বশীল আচরণের নির্দেশ দেওয়া হয়েছে। কোনো ঘটনা ঘটলে সেখানে ভিড় না করা এবং ছবি বা ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ না করতে বলা হয়েছে।
সৌদি কর্তৃপক্ষের এই পদক্ষেপের পেছনে রয়েছে প্রতিবেশী ইয়েমেনের সাম্প্রতিক সামরিক উত্তেজনা। দেশটির বিভিন্ন অঞ্চলে হুতি গোষ্ঠী ও সরকারি বাহিনীর মধ্যে লড়াই বেড়েছে। তাইজ, আল-জাওফ ও আল-বাইদা প্রদেশে সংঘর্ষ তীব্র হওয়ার পাশাপাশি হুতিদের ঘাঁটি লক্ষ্য করে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলাও চলছে।
লোহিত সাগর ও কৌশলগত জলসীমায় হুতিদের তৎপরতা বাড়ানোর চেষ্টাকে কেন্দ্র করে পরিস্থিতি আরও জটিল হয়েছে। এর প্রভাব সৌদি সীমান্তবর্তী এলাকাতেও পড়তে পারে—এমন আশঙ্কা থেকেই আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়।
ইয়েমেনের বর্তমান গৃহযুদ্ধের সূচনা ২০১৪ সালে। ওই বছর হুতি বিদ্রোহীরা রাজধানী সানা দখল করলে দেশটির রাজনৈতিক ও সামরিক সংকট গভীর হয়। এরপর ২০১৫ সালে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে টিকিয়ে রাখতে হুতিদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে সৌদি নেতৃত্বাধীন জোট।
সূত্র: মিডল ইস্ট মনিটর
মতামত দিন