আইফোন ১৮ থেকে ফোল্ডেবল ডিভাইস, অ্যাপলের আজকের আয়োজনে কী থাকছে?
নতুন আইফোনের পাশাপাশি প্রথমবারের মতো ভাঁজযোগ্য স্মার্টফোনসহ একাধিক পণ্য সামনে আনার প্রস্তুতি নিয়েছে অ্যাপল। পরিধানযোগ্য প্রযুক্তি ও অডিও ডিভাইসেও নতুন সংযোজন আসতে পারে আজকের অনুষ্ঠানে।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কুপারটিনোর অ্যাপল পার্কে বুধবার (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে প্রতিষ্ঠানটির বিশেষ পণ্য উন্মোচন অনুষ্ঠান ‘সারপ্রাইজ অ্যান্ড শাইন’। বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে অনুষ্ঠানটি। সদ্য দায়িত্ব নেওয়া প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জন টার্নাসের নেতৃত্বে এটিই অ্যাপলের প্রথম বড় বৈশ্বিক উন্মোচন আয়োজন।
অনুষ্ঠানে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে আইফোন ১৮ প্রো ও আইফোন ১৮ প্রো ম্যাক্স। বাজার বিশ্লেষক ও বিভিন্ন সংবাদমাধ্যমের পূর্বাভাস অনুযায়ী, দুই মডেলেই ২ ন্যানোমিটার প্রযুক্তিতে নির্মিত এ২০ প্রো চিপ ব্যবহারের সম্ভাবনা রয়েছে। এতে প্রসেসিং ক্ষমতা বাড়ার পাশাপাশি ব্যাটারি দীর্ঘস্থায়ী হওয়া এবং অতিরিক্ত তাপ নিয়ন্ত্রণে উন্নতি আসতে পারে।
ক্যামেরা বিভাগেও পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বিশেষ করে আইফোন ১৮ প্রো ম্যাক্সে ভ্যারিয়েবল অ্যাপারচার প্রযুক্তির ক্যামেরা যুক্ত হওয়ার কথা শোনা যাচ্ছে। এই প্রযুক্তি পরিবেশ অনুযায়ী ক্যামেরায় প্রবেশ করা আলোর পরিমাণ নিয়ন্ত্রণ করতে পারে। ফোনের নকশায় বড় পরিবর্তন না এলেও ক্যামেরা মডিউল আগের তুলনায় কিছুটা বড় হওয়ার সম্ভাবনা রয়েছে।
তবে এবারের আয়োজনের সবচেয়ে বড় চমক হতে পারে অ্যাপলের সম্ভাব্য ফোল্ডেবল আইফোন। গুঞ্জন রয়েছে, ‘আইফোন আলট্রা’ নামে ডিভাইসটি বইয়ের মতো ভাঁজ করা যাবে। খোলা অবস্থায় এতে ৭ দশমিক ৮ ইঞ্চির অভ্যন্তরীণ পর্দা এবং ভাঁজ করা অবস্থায় ব্যবহারের জন্য ৫ দশমিক ৩ ইঞ্চির বাইরের ডিসপ্লে থাকতে পারে।
সম্ভাব্য ফোল্ডেবল মডেলটিতে ১২ গিগাবাইট র্যাম ও এ২০ প্রো চিপ থাকার কথা বলা হচ্ছে। পেছনে দুটি ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরা থাকতে পারে। তবে টেলিফটো লেন্সে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। নিরাপত্তা ব্যবস্থায় ফেস আইডির বদলে টাচ আইডি ফেরার গুঞ্জনও রয়েছে।
নতুন ডিভাইসগুলোর দাম নিয়েও তৈরি হয়েছে আলোচনা। স্মার্টফোন তৈরির বিভিন্ন উপাদান ও কাঁচামালের মূল্য বাড়ার পাশাপাশি মেমোরি চিপ বা র্যামের দাম বৃদ্ধির প্রভাব নতুন আইফোনের দামে পড়তে পারে বলে বাজার পূর্বাভাসে বলা হচ্ছে। সে হিসাবে আইফোন ১৮ প্রোর প্রারম্ভিক দাম ১ হাজার ১৯৯ ডলার এবং সম্ভাব্য ফোল্ডেবল আইফোনের দাম সর্বোচ্চ ২ হাজার ৫০০ ডলার হতে পারে।
ফোনের বাইরেও অ্যাপলের পরিধানযোগ্য প্রযুক্তি পণ্যে নতুন সংযোজনের সম্ভাবনা রয়েছে। নতুন অ্যাপল ওয়াচ সিরিজ ১২-তে স্বাস্থ্য ও বায়োমেট্রিক তথ্য পরিমাপের বিভিন্ন সেন্সরকে গুরুত্ব দেওয়া হতে পারে। পাশাপাশি অ্যাপল ওয়াচ আলট্রা ৪-এ বাহ্যিক নকশায় পরিবর্তন আসতে পারে।
অডিও পণ্যের তালিকায় নতুন এয়ারপডস ৫ নিয়েও প্রত্যাশা রয়েছে। এতে হৃৎস্পন্দন পরিমাপের মতো অতিরিক্ত সুবিধা যুক্ত হওয়ার সম্ভাবনার কথা জানা যাচ্ছে।
অনুষ্ঠানে সরাসরি উপস্থিত থাকার সুযোগ অবশ্য সীমিত থাকবে আমন্ত্রিত অতিথিদের জন্য। তবে বিশ্বের অন্যান্য প্রান্তের দর্শকদের জন্য অনলাইনে আয়োজনটি উন্মুক্ত রাখছে অ্যাপল। প্রতিষ্ঠানটির ওয়েবসাইট, অফিশিয়াল ইউটিউব চ্যানেল ও অ্যাপল টিভি অ্যাপের মাধ্যমে বিনামূল্যে অনুষ্ঠানটি সরাসরি দেখা যাবে।
মতামত দিন