আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালীতে ১০ জাহাজকে লক্ষ্যবস্তুর দাবি ইরানের।

 নিজেস্ব প্রতিবেদক:

হরমুজ প্রণালীতে চলাচলকারী জাহাজগুলোর ওপর নজরদারি আরও কঠোর রাখার কথা জানিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) নৌবাহিনী। বাহিনীটির দাবি, যুক্তরাষ্ট্রের হামলার পাল্টা প্রতিক্রিয়ায় পারস্য উপসাগরে দুটি মার্কিন জাহাজ, আটটি ট্যাঙ্কারসহ মোট ২০টি জাহাজের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে।

আইআরজিসির বিবৃতিতে বলা হয়েছে, এসব অভিযানের পেছনে মূল কারণ ছিল পারস্য উপসাগরে ইরানের পাঁচটি ট্যাঙ্কারে যুক্তরাষ্ট্রের হামলা। ইরানি বাহিনীর দাবি, পাল্টা অভিযানে দুটি মার্কিন জাহাজ ও আটটি ট্যাঙ্কার গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর বাইরে আরও ১০টি জাহাজকে লক্ষ্যবস্তু করার কথা জানিয়েছে আইআরজিসি নৌবাহিনী। তাদের ভাষ্য, মার্কিন সামরিক বাহিনীর ‘উৎসাহ ও সমর্থনে’ হরমুজ প্রণালীর নিষিদ্ধ ও অনিরাপদ এলাকা দিয়ে এসব জাহাজ যাওয়ার চেষ্টা করছিল।

এক বিবৃতিতে ইরানি বাহিনী জানায়, নিজেদের ট্যাঙ্কারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ‘আগ্রাসন ও অপতৎপরতার’ প্রতিক্রিয়াতেই এই অভিযান চালানো হয়েছে।

আইআরজিসির নৌবাহিনী আরও জানিয়েছে, হরমুজ প্রণালী তাদের কঠোর পর্যবেক্ষণ ও ব্যবস্থাপনার মধ্যে রয়েছে। এ পথে চলাচলরত জাহাজগুলোর গতিপথ ও কর্মকাণ্ডের ওপর নজর রাখার কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তারা জানিয়েছে।

তবে ইরানি বাহিনীর প্রকাশ করা এসব তথ্যের স্বাধীন কোনো বিস্তারিত যাচাই এখনো সম্ভব হয়নি। বিশেষ করে ক্ষতিগ্রস্ত জাহাজগুলোর প্রকৃত অবস্থা এবং হামলার ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে নিশ্চিত হতে আরও তথ্যের প্রয়োজন রয়েছে।

সূত্র: মেহের নিউজ

মতামত দিন