বিনোদন
ছবি: সংগৃহীত

ইতালিতে হেনস্তার ঘটনায় প্রমাণ নিয়ে থানায় যাচ্ছেন বাঁধন।

নিজেস্ব প্রতিবেদক:

ইতালিতে নিজের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে থানায় অভিযোগ দায়ের করতে যাচ্ছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তার ভাষ্য, ঘটনার সঙ্গে জড়িত বেশ কয়েকজনকে ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে।

এ ছাড়া পুরো ঘটনার প্রমাণও তার কাছে রয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ফেসবুক লাইভে এসে নিজের অবস্থার কথা জানান বাঁধন। তিনি বলেন, ঘটনার পর থেকে অনেকে ফোন করে তার খোঁজ নিচ্ছেন। তাদের উদ্দেশে তিনি জানান, তিনি ভালো আছেন।

ঘটনার পর ইতালির পুলিশের সহযোগিতার কথাও তুলে ধরেন অভিনেত্রী। তার দাবি, সোমবার রাতে পুলিশ তাকে নিরাপদ একটি স্থানে নিয়ে যায়। পরদিন বাংলাদেশের রাষ্ট্রদূত ফোন করে তার সঙ্গে কথা বলেন এবং দূতাবাসের প্রতিনিধিরা তার সঙ্গে দেখা করতে আসছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেও তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানান তিনি।

এর আগে সোমবার রাতে মেস্ত্রে শহরের একটি পার্কে ভাই ও পরিবারের সদস্যদের সঙ্গে থাকার সময় অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়ার কথা জানান বাঁধন। তার অভিযোগ, কয়েকজন ব্যক্তি তাকে লক্ষ্য করে পানি, কোমল পানীয় ও ডিম ছুড়ে মারেন। পরে তাকে শারীরিকভাবে হেনস্তা করা হয় এবং তার মোবাইল ফোনটি ফেলে দেওয়া হয়।

বাঁধনের দাবি, ওই ব্যক্তিরা তাকে ‘জুলাইযোদ্ধা’ বলে উল্লেখ করেন এবং ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে বলেন। এ ঘটনার একটি ভিডিওও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে একদল ব্যক্তির সঙ্গে বাঁধনের বাগ্‌বিতণ্ডা ও হেনস্তার দৃশ্য দেখা যায়।

মঙ্গলবারের লাইভে নিজের অবস্থান স্পষ্ট করে বাঁধন বলেন, তিনি কখনো মাথা নত করেননি এবং তাকে ভেঙে ফেলা সহজ নয়। একই সঙ্গে তিনি জানান, স্থানীয় পুলিশের কাছ থেকে প্রয়োজনীয় সহযোগিতা পেয়েছেন।

এখন ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়ায় যেতে চান তিনি। বাঁধনের ভাষ্য অনুযায়ী, এ জন্য তিনি ইতালির স্থানীয় থানায় গিয়ে মামলা করবেন।

মতামত দিন