অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ১০ কর্মকর্তাকে বদলি।
বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ১০ কর্মকর্তার কর্মস্থল পরিবর্তন করা হয়েছে। মঙ্গলবার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের স্বাক্ষরে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
নতুন আদেশ অনুযায়ী, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার তানজিনা চৌধুরীকে সিআইডিতে এবং র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার এস এম আরিফ রাইয়ানকে চট্টগ্রামের পটিয়া সার্কেলে দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া বরিশালের গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবু ছালেহ মো. আনসার উদ্দীনকে বরিশাল বিএমপিতে অতিরিক্ত উপপুলিশ কমিশনার করা হয়েছে। গাইবান্ধা বি সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মুত্তাজুল ইসলাম পেয়েছেন গাজীপুরের কালীগঞ্জ সার্কেলের দায়িত্ব।
প্রজ্ঞাপন অনুযায়ী, এসবি ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার মো. তোফায়েল হোসেন সরকারকে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার এবং একই ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার মো. রবিউল ইসলামকে গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে।
অন্যদিকে, গাজীপুরের কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামানকে কিশোরগঞ্জের কটিয়াদী সার্কেলে এবং কিশোরগঞ্জের কটিয়াদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তোফাজ্জল হোসেনকে শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার করা হয়েছে।
এসবির অতিরিক্ত পুলিশ সুপার মাহিন ফরাজীকে বরিশালের গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলির আওতাভুক্ত কর্মকর্তাদের আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্ব বুঝিয়ে দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব হস্তান্তর না করলে ২০ সেপ্টেম্বর থেকে তাদের তাৎক্ষণিকভাবে অবমুক্ত বা ‘স্ট্যান্ড রিলিজ’ হিসেবে গণ্য করা হবে।
মতামত দিন