ডিএমপির অভিযানে একদিনে গ্রেপ্তার ৫১৪, উদ্ধার অস্ত্র-মাদক।
অপরাধবিরোধী অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিপুল পরিমাণ মাদক, আগ্নেয়াস্ত্র ও অন্যান্য সামগ্রী জব্দ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এসব অভিযানে গত এক দিনে ৫১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ সোমবার (৭ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযানের এই তথ্য প্রকাশ করে।
গ্রেপ্তারের হিসাবে মিরপুর বিভাগ এগিয়ে রয়েছে। এই বিভাগ থেকে ১৪০ জনকে আটক করা হয়েছে। মতিঝিলে ৬১, গুলশানে ৫৯, উত্তরা ৫৭, তেজগাঁও ৫৬ এবং ওয়ারী বিভাগে ৫৫ জন গ্রেপ্তার হয়েছেন। রমনা ও লালবাগ বিভাগে যথাক্রমে ৪৩ ও ৩৬ জন এবং গোয়েন্দা বিভাগে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের জব্দ করা অস্ত্রের তালিকায় রয়েছে দুটি বিদেশি পিস্তল ও একটি বিদেশি রিভলভার। এ ছাড়া দুটি ম্যাগাজিন, ১১ রাউন্ড গুলি, তিনটি গুলির খোসা এবং একটি হাতবোমাও উদ্ধার করা হয়েছে।
মাদক উদ্ধারের মধ্যে রয়েছে ৮৫ কেজি ৩৫ গ্রাম গাঁজা, ২ হাজার ৬৪১ পিস ইয়াবা ও ২৫ পুরিয়া হেরোইন। মাদক ব্যবহারে ব্যবহৃত পাইপ ও ফয়েল পেপারসহ আরও কিছু সামগ্রীও অভিযানে পাওয়া গেছে।
এ ছাড়া পুলিশের হাতে একটি পিকআপ, একটি প্রাইভেটকার ও পাঁচটি মোটরসাইকেল আসে। অভিযান থেকে ১৩টি মোবাইল ফোন ও ১৪ হাজার টাকা নগদ উদ্ধার করা হয়েছে। একই সময়ে দুইজন ভিকটিমকে উদ্ধার করা হয়।
গ্রেপ্তারদের বিষয়ে সংশ্লিষ্ট আইনে পরবর্তী কার্যক্রম নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

মতামত দিন