প্যারিসে ইউনেসকোর আয়োজনে অংশ নিতে ফ্রান্স গেলেন শিক্ষামন্ত্রী।
শিক্ষাক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ক্রমবর্ধমান প্রভাব এবং এর ফলে তৈরি হওয়া নতুন বাস্তবতা নিয়ে আন্তর্জাতিক পর্যায়ের আলোচনায় অংশ নেবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ উদ্দেশ্যে রোববার (৬ সেপ্টেম্বর) রাতে ফ্রান্সের রাজধানী প্যারিসের পথে ঢাকা ছেড়েছেন তিনি।
ইউনেসকোর সদর দপ্তরে আগামী ৮ ও ৯ সেপ্টেম্বর অনুষ্ঠেয় দুটি প্ল্যানারি সেশনে অংশ নেওয়ার কথা রয়েছে শিক্ষামন্ত্রীর। এসব অধিবেশনে এআই ব্যবহারের যুগে শিক্ষাব্যবস্থার সামনে থাকা বিভিন্ন চ্যালেঞ্জ এবং সম্ভাবনার দিকগুলো নিয়ে আলোচনা হবে।
এবারের ‘ডিজিটাল লার্নিং উইক’-এর আয়োজন চলবে ৮ থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত। ইউনেসকোর উদ্যোগে প্যারিসে অনুষ্ঠিতব্য এই আন্তর্জাতিক কর্মসূচির মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যুগে শিক্ষা: সত্য, দ্বন্দ্ব, সীমানা’।
ডিজিটাল প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে শিক্ষাব্যবস্থার সম্পর্ক এবং বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব এবারের আয়োজনে গুরুত্ব পাবে। শিক্ষা খাতে প্রযুক্তির পরিবর্তনশীল ভূমিকা নিয়েও সেখানে বিভিন্ন পর্যায়ে আলোচনা অনুষ্ঠিত হবে।
সফরসূচি অনুযায়ী, নির্ধারিত কর্মসূচি শেষে শিক্ষামন্ত্রীর ১৩ সেপ্টেম্বর দেশে ফেরার কথা রয়েছে।

মতামত দিন