আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

কঙ্গোর রাজধানী কিনশাসায় বিয়ের অনুষ্ঠানে আগুন, নিহত ১২।

নিজেস্ব প্রতিবেদক:

অগ্নিকাণ্ডের পর রাজধানী কিনশাসায় জনসমাগমপূর্ণ অনুষ্ঠানস্থলগুলোর নিরাপত্তা আরও কঠোর করার সিদ্ধান্ত নিয়েছে কঙ্গো সরকার। পরিদর্শনে কোনো স্থাপনায় নির্ধারিত নিরাপত্তাব্যবস্থা না থাকার প্রমাণ মিললে সেটি সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

এর মধ্যেই দেশটির রাজধানীতে একটি বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে ভয়াবহ আগুনে প্রাণ হারিয়েছেন অন্তত ১২ জন। রোববার নিহতের সংখ্যা নিশ্চিত করেছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো সরকার।

দেশটির যোগাযোগ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শুক্রবার রাত থেকে শনিবার ভোরের মধ্যবর্তী সময়ে ওই অগ্নিকাণ্ড ঘটে। নিহতদের পরিচয় শনাক্তের প্রক্রিয়া এখনো শেষ হয়নি।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে আতঙ্কের চিত্র দেখা যায়। সেখানে আগুন থেকে রক্ষা পেতে অনেক মানুষকে ভবনটির একটি সরু সিঁড়ি দিয়ে বাইরে বের হওয়ার চেষ্টা করতে দেখা গেছে।

কিনশাসায় আগুন লাগার পেছনে বৈদ্যুতিক ব্যবস্থার ত্রুটি অন্যতম পরিচিত কারণ হিসেবে বিবেচিত হয়। শহরটিতে ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক সংযোগ ও স্থাপনাকে এর আগেও অগ্নিকাণ্ডের ঝুঁকির সঙ্গে যুক্ত করা হয়েছে।

এ ঘটনার পর ভবিষ্যতে বড় ধরনের জমায়েত হয় এমন অনুষ্ঠানস্থলগুলোতে নিয়মিত এবং কঠোর নিরাপত্তা পরিদর্শন চালানোর কথা জানিয়েছে সরকার। নিরাপত্তার প্রয়োজনীয় মান পূরণ না করা স্থাপনার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

খবরটি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। তথ্যসূত্র: বাসস।

মতামত দিন