দুই দিনের সফরে ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি।
নিজ জেলা ঠাকুরগাঁওয়ে দুই দিনের সরকারি সফর শুরু করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দায়িত্ব গ্রহণের পর এটাই তার প্রথম ঠাকুরগাঁও সফর।
রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে হেলিকপ্টারে করে ঠাকুরগাঁওয়ে পৌঁছান রাষ্ট্রপতি। মোহাম্মদ আলী স্টেডিয়াম মাঠে তাকে স্বাগত জানান জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার মো. বেলাল হোসেনসহ নাগরিক সংবর্ধনা আয়োজক কমিটির সদস্যরা।
পরে রাষ্ট্রপতি সার্কিট হাউসে যান এবং সেখানে আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার গ্রহণ করেন।
সফরের প্রথম দিনের কর্মসূচির অংশ হিসেবে কালীবাড়িতে তার নিজ বাসভবনে যাওয়ার কথা রয়েছে। সেখানে দুপুরের খাবার ও কিছু সময় বিশ্রাম নেওয়ার পর বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তিনি। নাগরিক সমাজের উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়েছে।
এ সময় রাষ্ট্রপতি জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করবেন। পাশাপাশি নিজ পরিবারের সদস্যদের কবর জিয়ারতের কর্মসূচিও রয়েছে তার।
সফরের দ্বিতীয় দিন সোমবার (৭ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও-পীরগঞ্জ মহাসড়কের পাশে সদর উপজেলার জামালপুর এলাকায় ‘ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন রাষ্ট্রপতি। দীর্ঘদিন ধরে প্রত্যাশিত এই বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক যাত্রার অংশ হিসেবেই এ ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে।
ভিত্তিপ্রস্তর স্থাপনের পর নিজ বাসভবনে মধ্যাহ্নভোজ ও সংক্ষিপ্ত বিশ্রাম নেবেন তিনি। এরপর সোমবারই হেলিকপ্টারে করে ঠাকুরগাঁও থেকে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে রাষ্ট্রপতির।

মতামত দিন