ইসলামের আলো
ছবি: সংগৃহীত

৪ হাজার ৩৪১ হাজীকে ফেরত দেওয়া হবে ৪ কোটি ৮৭ লাখ টাকা: ধর্মমন্ত্রী।

নিজেস্ব প্রতিবেদক:

হজের বিভিন্ন খাতে ব্যয় কম হওয়ায় এবার সরকারি ব্যবস্থাপনায় হজ পালন করা ৪ হাজার ৩৪১ জন হাজীকে অর্থ ফেরত দেবে সরকার। সব মিলিয়ে ফেরত দেওয়া হবে ৪ কোটি ৮৭ লাখ ২৩ হাজার ১৪ টাকা।

হাজীদের নিজ নিজ ব্যাংক হিসাবে এই অর্থ পাঠানো হবে।

রোববার (৬ সেপ্টেম্বর) সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। তিনি জানান, আবাসন বাবদ ব্যয় কম হওয়া এবং সার্ভিস চার্জ সাশ্রয়ের ফলে হজ প্যাকেজের নির্ধারিত অর্থের একটি অংশ অব্যবহৃত রয়েছে।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, প্রত্যেক হাজী সমপরিমাণ অর্থ ফেরত পাবেন না। কে কত টাকা পাবেন, তা নির্ভর করবে তাঁর হজ প্যাকেজ, আবাসন এবং কক্ষের আসন আপগ্রেডেশনের ওপর।

সবচেয়ে বেশি অর্থ ফেরত পাওয়ার তালিকায় রয়েছে হজ প্যাকেজ-১-এর বিভিন্ন শ্রেণির হাজীরা। হোটেল বুলুরা আল দুররার দুই সিটের আপগ্রেডেশন নেওয়া হাজীদের প্রত্যেকে পাবেন ১ লাখ ৬৪ হাজার ১৯০ টাকা ৫৬ পয়সা। আর একই সুবিধার সঙ্গে শর্ট প্যাকেজে থাকা হাজীদের ফেরত দেওয়া হবে ১ লাখ ৮০ হাজার ৫৭২ টাকা ৭১ পয়সা।

এই প্যাকেজে তিন সিটের আপগ্রেডেশন নেওয়া হাজীরা পাবেন ১ লাখ ১৮ হাজার ৭২ টাকা ৮২ পয়সা। শর্ট প্যাকেজসহ তিন সিটের আপগ্রেডেশনের ক্ষেত্রে ফেরতের পরিমাণ ১ লাখ ৩১ হাজার ৭৩৫ টাকা ৫৩ পয়সা।

অন্যদিকে একই হোটেলের সাধারণ প্যাকেজে থাকা হাজীদের ফেরত দেওয়া হবে ৩৮ হাজার ৬৯৭ টাকা ৩২ পয়সা করে। শর্ট প্যাকেজের ক্ষেত্রে এ অঙ্ক বেড়ে দাঁড়াবে ৪৬ হাজার ৮৮৮ টাকা ৪০ পয়সা।

প্যাকেজ-২-এর আওতায় হোটেল লুলুয়াত আল ভাওহীদে থাকা হাজীদের ক্ষেত্রেও ভিন্ন ভিন্ন অঙ্ক নির্ধারণ করা হয়েছে। সাধারণ প্যাকেজে প্রত্যেকে পাবেন ২ হাজার ৫০৫ টাকা ৪৯ পয়সা। শর্ট প্যাকেজের হাজীদের ফেরত দেওয়া হবে ৮ হাজার ৭৩০ টাকা ৭০ পয়সা।

এখানে দুই সিটের আপগ্রেডেশন করা হাজীদের জন্য ফেরতের অঙ্ক ৬২ হাজার ৩৩১ টাকা ৭৯ পয়সা। আর আপগ্রেডেশনের সঙ্গে শর্ট প্যাকেজ নেওয়া হাজীরা পাবেন ৭৮ হাজার ৭১৩ টাকা ১৪ পয়সা।

তিন সিটের আপগ্রেডেশন করা হাজীদের ফেরত দেওয়া হবে ৩ হাজার ২৮৭ টাকা ৩৬ পয়সা। একই ধরনের আপগ্রেডেশনের সঙ্গে শর্ট প্যাকেজে থাকা হাজীদের ক্ষেত্রে ফেরতের পরিমাণ ৮ হাজার ৪৩১ টাকা ৩৬ পয়সা।

প্যাকেজ-২-এর ৩ নম্বর বাড়ি অর্থাৎ হোটেল রাওদাত আল শুরূকের হাজীদের জন্যও আলাদা অঙ্ক নির্ধারণ করা হয়েছে। সাধারণ প্যাকেজে ৩ হাজার ৯৭৯ টাকা ৮৮ পয়সা এবং শর্ট প্যাকেজে ১২ হাজার ১৭০ টাকা ৯৫ পয়সা করে ফেরত পাবেন হাজীরা।

এই হোটেলে দুই সিটের আপগ্রেডেশন নেওয়া হাজীদের ফেরত দেওয়া হবে ৪ হাজার ৩৭৬ টাকা ৬৬ পয়সা। তিন সিটের আপগ্রেডেশনের ক্ষেত্রে ফেরতের পরিমাণ ৪৪ হাজার ১১৯ টাকা ৮৭ পয়সা।

৪ নম্বর বাড়ি বা হোটেল মানার আল শুরূকের ক্ষেত্রে সাধারণ প্যাকেজে থাকা হাজীরা পাবেন ৭ হাজার ৪১৪ টাকা ২৩ পয়সা। দুই সিটের আপগ্রেডেশন নেওয়া হাজীদের জন্য ফেরতের অঙ্ক ৫ হাজার ৬৭৫ টাকা ৪৩ পয়সা এবং তিন সিটের আপগ্রেডেশনের ক্ষেত্রে ৬ হাজার ২৪১ টাকা ২৪ পয়সা।

এ ছাড়া সাধারণ হজ প্যাকেজ-৩-এর অধীনে হোটেল নান্দার ওয়ানে অবস্থান করা প্রত্যেক হাজীর হিসাবে যাবে ৩ হাজার ৭১৮ টাকা ৯ পয়সা।

ধর্মমন্ত্রী জানান, হজের জন্য নির্ধারিত অর্থের মধ্যে কিছু খাতে ব্যয় প্রত্যাশার তুলনায় কম হওয়ায় এই অর্থ সাশ্রয় হয়েছে। বাড়িভাড়া ও সার্ভিস চার্জের ব্যয় কমে যাওয়াই মূলত উদ্বৃত্ত অর্থ তৈরির কারণ। সেই অর্থ হাজীদের কাছে ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মতামত দিন