জাতীয়
ছবি: সংগৃহীত

শিশু নিখোঁজ নিয়ে গুজব ছড়ানো হচ্ছে: আইজিপি

নিজেস্ব প্রতিবেদক:

সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের গুজব ছড়িয়ে সরকারকে বিব্রত করার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। এসব বিষয়ে কী ধরনের তথ্য প্রচার করা যাবে এবং কোনগুলো যাবে না, সে জন্য একটি নীতিমালা প্রয়োজন বলেও মনে করেন তিনি।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব কথা বলেন আইজিপি।

শিশু নিখোঁজের ঘটনা নতুন নয় উল্লেখ করে মো. আলী হোসেন ফকির বলেন, অতীতেও এ ধরনের ঘটনা ঘটেছে। তবে বর্তমানে এসব ঘটনাকে গণমাধ্যমে ব্যাপকভাবে তুলে ধরার প্রবণতাকে তিনি ষড়যন্ত্রের অংশ হিসেবে দেখছেন।

এ প্রসঙ্গে তিনি ‘হলুদ সাংবাদিকতার’ সমালোচনা করেন। একই সঙ্গে পুলিশের ভেতরেও ষড়যন্ত্রে যুক্ত ব্যক্তিদের থাকার কথা উল্লেখ করে আইজিপি বলেন, তাদের শনাক্ত করা হয়েছে।

এর আগে সকালে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে কমিউনিটি ব্যাংকের উদ্যোগে আয়োজিত পরিচ্ছন্নতা বিষয়ক অনুষ্ঠানে অংশ নেন পুলিশপ্রধান। ‘আমার শহর, আমার দেশ-পরিচ্ছন্নতায় বদলে যায় বাংলাদেশ’ শীর্ষক ওই কর্মসূচিতে তিনি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।

অনুষ্ঠানে নিমগাছের চারা রোপণের মাধ্যমে পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন আইজিপি মো. আলী হোসেন ফকির ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম।

সেখানে বক্তব্যে আইজিপি আইন প্রয়োগের ক্ষেত্রেও একটি সমস্যার কথা তুলে ধরেন। তিনি বলেন, আইনের বিভিন্ন ফাঁকফোকরের কারণে মাদক কারবারি, ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের দীর্ঘ সময় কারাগারে রাখা সম্ভব হচ্ছে না।

এ সময় সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য প্রচারের ক্ষেত্রে দায়িত্বশীলতা নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। তাঁর মতে, গুজব ও বিভ্রান্তিকর প্রচারণা ঠেকাতে কোন ধরনের কনটেন্ট গ্রহণযোগ্য এবং কোনটি নয়, তা নির্ধারণে একটি সুস্পষ্ট নীতিমালা থাকা দরকার।

মতামত দিন