জ্বালানি সংকট সামাল দিতে বিকল্প খুঁজছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
দেশের জ্বালানি চাহিদা মেটাতে আন্তর্জাতিক বাজারে নতুন নতুন উৎসের সন্ধান করছে সরকার। সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজন হলে আফ্রিকার দেশগুলো থেকেও জ্বালানি কেনার উদ্যোগ নেওয়া হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে আসন্ন জাতিসংঘ সম্মেলন এবং বাংলাদেশ ব্র্যান্ডিং বিষয়ক একটি অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে সরকারের এ পরিকল্পনার কথা জানান তিনি।
অনুষ্ঠানে দেশের অর্থনীতি ও বাণিজ্য সম্প্রসারণের বিভিন্ন দিক তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের রপ্তানি খাতকে আরও বিস্তৃত করতে নতুন পণ্যের বাজার তৈরি করা প্রয়োজন। দীর্ঘদিনের তৈরি পোশাকনির্ভর রপ্তানির বাইরে পাট ও পাটজাত পণ্যকে গুরুত্ব দিয়ে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।
বিদেশি পুঁজি আকর্ষণের বিষয়েও সরকারের পরিকল্পনার কথা জানান শামা ওবায়েদ। তাঁর বক্তব্য অনুযায়ী, বিনিয়োগকারীদের শুধু বাংলাদেশে আসার আহ্বান জানালে কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে না। ব্যবসা পরিচালনার জন্য প্রয়োজনীয় সুযোগ ও অনুকূল পরিবেশ নিশ্চিত করাটাও সমান গুরুত্বপূর্ণ।
এ কারণে বিনিয়োগসংক্রান্ত বিভিন্ন সেবা আরও সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। কোম্পানি নিবন্ধনসহ প্রয়োজনীয় কাজগুলো যেন ঘরে বসে দ্রুত সম্পন্ন করা যায়, সে জন্য ডিজিটাল সেবার পরিধি বাড়ানো হচ্ছে। দেশের বাইরে থাকা বাংলাদেশিরাও যাতে দেশে বিনিয়োগ করতে গিয়ে জটিলতার মুখে না পড়েন, সে বিষয়টিও সরকারের বিবেচনায় রয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের সময় অর্থনীতি ও আর্থিক খাত বেশ কঠিন অবস্থার মধ্যে ছিল। বিশেষ করে ব্যাংকিং খাতে ছিল নানা ধরনের সংকট। এখন সেই পরিস্থিতি কাটিয়ে অর্থনীতিকে স্থিতিশীল অবস্থায় ফিরিয়ে আনার কাজ চলছে।
ব্যাংক খাতে স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠার পাশাপাশি বিনিয়োগের জন্য প্রয়োজনীয় পরিবেশ তৈরির ওপর জোর দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। তাঁর মতে, অর্থনীতিকে এগিয়ে নিতে হলে দেশি-বিদেশি উভয় ধরনের বিনিয়োগকারীর জন্য আস্থার পরিবেশ তৈরি করা জরুরি।
দেশের রাজনৈতিক পরিবর্তনের প্রসঙ্গও অনুষ্ঠানে তুলে ধরেন শামা ওবায়েদ। তিনি বলেন, দীর্ঘ ১৭ বছরের অত্যাচার ও অনাচারের পর বাংলাদেশ আবার গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে এসেছে। দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এবারই প্রথম প্রধানমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যাচ্ছেন।
এদিকে জ্বালানি নিরাপত্তার বিষয়টি সামনে রেখে সরকার আমদানির ক্ষেত্রেও নির্দিষ্ট কোনো উৎসের ওপর নির্ভরশীল থাকতে চাইছে না বলে জানান প্রতিমন্ত্রী। আন্তর্জাতিক পরিস্থিতি ও দেশের প্রয়োজন বিবেচনায় বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহের পথ খোলা রাখা হচ্ছে। সেই ধারাবাহিকতায় আফ্রিকা থেকেও জ্বালানি আমদানির সম্ভাবনা রয়েছে।
মতামত দিন