সংসদের দুই স্থায়ী কমিটির নেতৃত্বে গয়েশ্বর ও আমানউল্লাহ।
জাতীয় সংসদের গুরুত্বপূর্ণ দুটি স্থায়ী কমিটির নেতৃত্বে বসেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির দুই সদস্য। ঢাকা-৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা গয়েশ্বর চন্দ্র রায় কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন।
বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে কমিটি দুটির গঠন ও পুনর্গঠনের প্রস্তাব অনুমোদন করা হয়। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে প্রধানমন্ত্রীর পক্ষে প্রস্তাবগুলো উত্থাপন করেন চিফ হুইপ মো. নুরুল ইসলাম।
কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে গয়েশ্বর চন্দ্র রায়ের সঙ্গে সদস্য হিসেবে থাকছেন ফরিদপুর-৪ আসনের মো. শহিদুল ইসলাম, নওগাঁ-১ আসনের মো. মোস্তাফিজুর রহমান, জামালপুর-৪ আসনের মো. ফরিদুল কবীর তালুকদার, ময়মনসিংহ-৪ আসনের মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, মৌলভীবাজার-৪ আসনের মো. মুজিবুর রহমান চৌধুরী, মহিলা আসন-১৪-এর মোছা. সাবিরা সুলতানা, যশোর-৪ আসনের মো. গোলাম রছুল এবং রংপুর-১ আসনের মো. রায়হান সিরাজী।
চিফ হুইপের পুনর্গঠনের প্রস্তাব সংসদে গৃহীত হওয়ার পর গয়েশ্বর চন্দ্র রায়কে ওই কমিটির সভাপতি করা হয়।
অন্যদিকে ত্রয়োদশ জাতীয় সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে রয়েছেন ইয়াসের খান চৌধুরী, মো. আশরাফ উদ্দিন, মো. মোস্তাফিজুর রহমান বাবুল, মো. মজিবুর রহমান, নিলোফার চৌধুরী মনি, ফাহমিদা হক, মো. শফিকুল ইসলাম এবং মোসা. নাজমুন নাহার। এই কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন আমানউল্লাহ আমান।
সংসদে কমিটি গঠনের প্রস্তাব উত্থাপনের সময় চিফ হুইপ মো. নুরুল ইসলাম জানান, সংবিধানের ৭৬ অনুচ্ছেদ এবং জাতীয় সংসদের কার্যপ্রণালী-বিধির ২৪৬, ২৪৭ ও ২৪৮ বিধি অনুসরণ করেই এসব স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। কমিটিগুলোর নিয়োগ, কাঠামো, কাজ ও দায়িত্ব পালনের বিষয়ও এসব বিধির আওতাভুক্ত।
নতুন দায়িত্ব পাওয়ার মধ্য দিয়ে জাতীয় সংসদের কৃষি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়-সংক্রান্ত দুটি গুরুত্বপূর্ণ কমিটির কার্যক্রমে নেতৃত্ব দেবেন বিএনপির জ্যেষ্ঠ দুই নেতা গয়েশ্বর চন্দ্র রায় ও আমানউল্লাহ আমান।

মতামত দিন