অপরাধ
ছবি: সংগৃহীত

দুই হত্যা মামলায় রিয়াজের আগাম জামিন আবেদন দেননি হাইকোর্ট।

নিজেস্ব প্রতিবেদক:

জুলাই আন্দোলনসংক্রান্ত মামলায় আপাতত আগাম জামিনের সুবিধা পাচ্ছেন না চিত্রনায়ক রিয়াজ। তার বিরুদ্ধে করা দুটি হত্যা মামলায় জামিনের আবেদন নিয়ে বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) হাইকোর্টে উপস্থিত হন তিনি।

শুনানি শেষে আদালত আবেদনটি ফেরত দিয়েছেন।

রিয়াজকে ঘিরে করা মামলাগুলোর একটি হয়েছে সরকারি আলিয়া মাদরাসার শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদকে হত্যাচেষ্টার অভিযোগে। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময়ের ঘটনাকে কেন্দ্র করে করা ওই মামলায় আসামি করা হয়েছে মোট ২০১ জনকে।

২০২৫ সালের ২ মে মামলাটি দায়ের করা হয়। মামলার প্রথম আসামি করা হয় শেখ হাসিনাকে। এরপর তালিকায় জায়গা পান বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, যার মধ্যে অভিনয়শিল্পী, সাংবাদিক, শিক্ষক ও রাজনৈতিক ব্যক্তিরাও রয়েছেন।

এই মামলায় অভিনয়শিল্পী হিসেবে ১৪ জনের নাম রয়েছে। রিয়াজের সঙ্গে আসামি করা হয়েছে ফেরদৌস আহমেদ, চঞ্চল চৌধুরী, মামুনুর রশীদ, মেহের আফরোজ শাওন, অরুণা বিশ্বাস, জ্যোতিকা জ্যোতি, শামীমা তুষ্টি, শমী কায়সার, সাজু খাদেম, আশনা হাবীব ভাবনা, সোহানা সাবা, রোকেয়া প্রাচী ও জায়েদ খানকে।

আসামির তালিকায় সাংবাদিকও রয়েছেন ১৫ জন। তাদের মধ্যে কালবেলা সম্পাদক সন্তোষ শর্মা এবং এটিএন নিউজের মুন্নী সাহার নাম রয়েছে। শিক্ষকদের মধ্যে ১৩ জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন জাফর ইকবাল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মিজানুর রহমান ও মুনতাসির মামুন। এ ছাড়া ইমরান এইচ সরকার ও লাকী আক্তারও মামলার আসামি।

মামলাটির আইনি কার্যক্রম শুরু হয়েছিল ২০২৫ সালের ৩০ এপ্রিল। সেদিন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলামের আদালত অভিযোগ গ্রহণ করে শাহবাগ থানাকে সেটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

জুলাই আন্দোলনের ঘটনাকে কেন্দ্র করে রিয়াজের বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা রয়েছে। দুই মামলায় গ্রেপ্তার এড়াতে আগাম জামিন চেয়েছিলেন তিনি। কিন্তু বৃহস্পতিবারের শুনানির পর হাইকোর্ট তার আবেদন ফিরিয়ে দেওয়ায় সেই আবেদন থেকে কোনো আইনি সুরক্ষা পেলেন না এই অভিনেতা।

মতামত দিন