ট্রাফিক আইন ভেঙে উল্টোপথে বিমানমন্ত্রীর গাড়ি, মামলা দিলো পুলিশ।
সচিবালয়ের দিকে প্রধানমন্ত্রীর গাড়িবহর যাওয়ার সময় পাশের সড়কে উল্টোপথে চলছিল বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের গাড়ি। এ ঘটনায় গাড়িটি থামিয়ে চালকের বিরুদ্ধে মামলা করেছে ট্রাফিক পুলিশ।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ৯টা ৮ মিনিটের দিকে সার্কিট হাউজ রোডে ঘটনাটি ঘটে। ট্রাফিক পুলিশের ভাষ্য অনুযায়ী, পতাকাবাহী রেঞ্জ রোভারটি সার্কিট হাউজ সড়ক দিয়ে উল্টো দিক থেকে সচিবালয়ের দিকে যাচ্ছিল। দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা গাড়িটি থামিয়ে দেন। গাড়িটির নম্বর ঢাকা মেট্রো-ঘ-১৮-২১২৫।
পরে চালক আরিফ হোসেনের বিরুদ্ধে বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে মামলা করা হয়। পাশাপাশি উল্টোপথে গাড়ি চালানোর বিষয়েও আইনগত ব্যবস্থা নেওয়া হয়। দুটি মামলার প্রতিটিতে ৩ হাজার টাকা করে জরিমানা ধার্য করা হয়েছে।
ট্রাফিক পুলিশের কর্মকর্তারা জানান, উল্টো পথে গাড়ি চালানো ঢাকা মেট্রোপলিটন পুলিশ আইনের স্পষ্ট লঙ্ঘন। তাই গাড়ির চালককে বিষয়টি জানিয়ে মামলা করা হয়। ঘটনার সময় গাড়িতে মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত ছিলেন বলেও পুলিশ জানিয়েছে।
এ ঘটনাকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখছে ট্রাফিক পুলিশ। এক ঊর্ধ্বতন কর্মকর্তার ভাষ্য, প্রধানমন্ত্রী নিজে যখন ট্রাফিক আইন মেনে চলছেন, তখন কোনো মন্ত্রী বা সচিবের গাড়ি উল্টোপথে চলার ঘটনা শীর্ষ কর্মকর্তাদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা বহন করে।
ট্রাফিক পুলিশের এক কর্মকর্তা দাবি করেছেন, দেশে এবারই প্রথম কোনো মন্ত্রীর গাড়ি উল্টোপথে চলার অভিযোগে মামলার আওতায় এসেছে। তার দাবি, অতীতে যানজট এড়িয়ে দ্রুত গন্তব্যে পৌঁছানোর জন্য মন্ত্রীদের গাড়ি উল্টোপথে চলার খবর গণমাধ্যমে এলেও সেসব ঘটনায় মামলা হওয়ার নজির নেই।
মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলার খবর ছড়িয়ে পড়ার পর বৃহস্পতিবার সচিবালয়েও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হয়।
মতামত দিন